ঢাকার সেরা, উল্লাসও বাঁধভাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের সূর্য তখন গনগনে রোদ ছড়াচ্ছে। সবাই ছুটছে একটু ছায়ার আশায়। কিন্তু প্রখর এই রোদ উপেক্ষা করে বাদ্যের তালে তালে নাচছে শত শত কিশোর-কিশোরী।গতকাল শনিবার রাজউক উত্তরা মডেল কলেজে গিয়ে এই চিত্র দেখা গেল। এমন উল্লাসের কারণও আছে। এসএসসির ফলাফলে এবার ঢাকা বোর্ডের সেরা রাজউক উত্তরা মডেল কলেজ। শিক্ষার্থীদের সাফল্য শিক্ষাপ্রতিষ্ঠানটিকে এনে দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ডে প্রথম স্থান অধিকার করার গৌরব।কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছরের মাধ্যমিক পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ৩৬৬ জন শিক্ষার্থী। তাদের সবাই পাস করেছে। এর মধ্যে ৩৪৪ জনই অর্জন করেছে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫। বাকি ২২ জন পেয়েছে জিপিএ-৪ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৯৪ এর মধ্যে।কলেজ থেকে বাংলা মাধ্যমে (প্রভাতী ও দিবা) বিজ্ঞান বিভাগে ২১০ জন শিক্ষার্থীর মধ্যে ২০৯ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬১ জনের ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৫ জনের মধ্যে ৭৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ জনের মধ্যে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর প্রথম হতে না পারলেও শতভাগ পাস করে ভালো ফলাফল করেছিল প্রতিষ্ঠানটি। গত বছর ৩৪৭ জনের মধ্যে ৩২৬ জন (৯৩.৯৫ ভাগ) জিপিএ-৫ পেয়েছিল।কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানের সবাই আন্তরিক। তাঁরা পাঠদানের ক্ষেত্রে প্রথাগত পদ্ধতির পাশাপাশি আধুনিক পদ্ধতি অনুসরণ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে পাঠদান করা হয়। এ জন্যই তাঁরা বরাবর ভালো ফলাফল করতে পারছেন বলে মনে করেন তিনি।