ঢাকাসহ দেশ বাঁচাতে জলাভূমি নিয়ন্ত্রণ বিধি প্রণয়নের দাবি
পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা রাজধানী ঢাকাসহ দেশ বাঁচাতে জলাভূমি নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ব জলাভূমি দিবসের আলোচনায় তাঁরা এই দাবি উত্থাপন করেন। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি), বাংলাদেশ পৌষ ও আইইউসিএনের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ‘জলাভূমি ও পর্যটন’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। আইইউসিএন-বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, জলাধার নিয়ন্ত্রণ বিধিমালা ও যথাযথ পর্যটন নীতিমালা থাকা জরুরি। এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী বলেন, চারপাশে জলাধার না থাকলে রাজধানী ঢাকাকে বাঁচানো যাবে না। তেমনি হাওর, বাঁওড়, বিল, কক্সবাজার ও সেন্ট মার্টিন সমুদ্রসৈকতে ইকোসিস্টেম রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে হবে।পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, ঢাকার চারপাশের জলাভূমি হত্যার প্রতিযোগিতা চলছে। এ পরিস্থিতি থেকে ঢাকাকে বাঁচাতে হবে।আলোচনায় অন্যদের মধ্যে এফইজেবির সাধারণ সম্পাদক হাসান হাফিজ, আইইউসিএন-বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ারম্যান সানোয়ার হোসেন, এফইজেবির সাবেক চেয়ারম্যান চিন্ময় মুৎসুদ্দি বক্তব্য দেন।