ঢাকায় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের সাত শতাধিক প্রাক্তন ছাত্র, শিক্ষক ও প্রধান শিক্ষকসহ বর্তমান শিক্ষকেরা অংশ নেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন মিলনায়তনে ‘অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট (আবেশ)’-এর আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় শিক্ষকদের সম্মাননা, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় প্রাক্তন ছাত্রদের সঙ্গে সংগীতশিল্পী নকীব খান, জলের গান ও ডি রক অংশ নেয়।

মিলনমেলায় প্রাক্তন ছাত্রদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব শ ম জাকারিয়া ও মিজানুর রহমান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ভার্চ্যুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, আবেশের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাজ্জাদুল হক, আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন (অব.) সগির আহমেদ, সাধারণ সম্পাদক খায়রুল ইমাম, সাবেক পৌর চেয়ারম্যান হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদরের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।