ঢাকায় অস্ত্র, গুলি, দুই হাজার ইয়াবাসহ চার ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযানে আটক হওয়া চার ব্যক্তি
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুই হাজার ইয়াবা বড়িসহ চার ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোহাম্মদপুর সার্কেলের একটি দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ-সংক্রান্ত তথ্য জানিয়েছে।

আটক চার ব্যক্তি হলেন মোহাম্মদ আবদুল্লাহ ওরফে পিচ্চি মনির, মোহাম্মদ আক্তার, মো. মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ আজিম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটিকে বেশ কয়েক দিন ধরে মনিটরিং করা হচ্ছিল। তারা বিভিন্ন সময়ে তাদের অবস্থান পরিবর্তন করছিল। গতকাল তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ অস্ত্র, গুলি ও ইয়াবা
ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ভাষ্য, অভিযানকালে চার ব্যক্তির মধ্যে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে পিচ্চি মনির তাঁর সঙ্গে থাকা বিদেশি পিস্তল দিয়ে অভিযান পরিচালনাকারী দলের সদস্যদের ওপর গুলি করতে উদ্ধত হন। পরে কৌশলে তাঁর কাছে থাকা পিস্তলটি জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ছয়টি গুলি। এ ছাড়া বাসাটি থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তাঁদের গডফাদারকে চিহ্নিত করার চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যবস্থা নেবে।