ঢাকায় আজ শুরু হচ্ছে কোরবানির পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ রোববার আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল আজহার অস্থায়ী পশুর হাট শুরু হচ্ছে। তবে গত মঙ্গলবারই নগরের বিভিন্ন স্থানে পশুর হাট বসে গেছে। হাটগুলো চলবে ঈদের আগের দিন ১৬ নভেম্বর গভীর রাত পর্যন্ত।গতকাল শনিবার নগরের বিভিন্ন এলাকার হাট ঘুরে দেখা গেছে, তখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির শত শত পশু আসছিল। তবে লোকজন এখনো দেখা ও দামাদামিই করছেন বেশি।এদিকে বিএনপির ডাকা আকস্মিক হরতালের কারণে কেনাবেচা ও দামের ব্যাপারে পশু ব্যবসায়ী ও ক্রেতা দুই পক্ষেই উদ্বেগের সৃষ্টি হয়েছে।বিপুলসংখ্যক পশুর সমাগমে রাজধানীর অধিকাংশ হাট মাঠ থেকে সংলগ্ন সড়কে বিস্তৃত হয়ে পড়েছে। এ কারণে সড়কগুলোতে যানজটেরও সৃষ্টি হচ্ছে। এসব হাটের আয়োজক ও ক্রেতারা জানিয়েছেন, আজ রবি ও কাল সোমবার থেকে সব হাটে পশু বেচাকেনা জমে উঠবে।রাজধানীর ১৯টি হাট: এবার গাবতলীর স্থায়ী হাটসহ স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা ১৯। এর মধ্যে উল্লেখযোগ্য বড় হাট হচ্ছে গাবতলী, পুরান ঢাকার নয়াবাজার, মতিঝিলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মাঠ, আগারগাঁও বস্তিসংলগ্ন মাঠ, তালতলা বাসস্ট্যান্ড-সংলগ্ন মাঠ, উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বাড্ডায় মেরাদিয়া বাজার, বনানী-কাকলীতে রেললাইন-সংলগ্ন খালি জায়গা ও জিগাতলায় হাজারীবাগ মাঠের হাট।এ ছাড়া জেলা প্রশাসন ঢাকার আশপাশে যেসব হাটের অনুমতি দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কামরাঙ্গীরচর বালুর মাঠ, দনিয়া কলেজ-সংলগ্ন মাঠ, বাড্ডায় আফতাব নগরের খালি জায়গা, তুরাগের হরিরামপুর ইউনিয়নের শফিক বাজারের খালি জায়গা ও সারুলিয়ার স্থায়ী গরুর হাট।তবে হাটের প্রথম দিনই বিএনপি আহূত হরতাল পশু ব্যবসায়ী, ক্রেতা ও হাটের আয়োজকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। বাংলাদেশ হাইড স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অ্যানথ্রাক্সের কারণে যে ক্ষতি হয়েছে, হরতালটি তার চেয়েও বেশি ক্ষতির সম্মুখীন করল ব্যবসায়ীদের। কোরবানির পশু হরতালের আওতামুক্ত রাখলেও একটু উপকার হতো।মতিঝিলে ব্রাদার্স ইউনিয়ন মাঠ হাটের অন্যতম আয়োজক ফ ম সেকান্দার আলী বলেন, ‘যাঁরা হরতাল আহ্বান করেছেন, তাঁদের ভাবা উচিত ছিল, সামনেই ঈদ। কোরবানির পশু নিয়ে শত শত ট্রাক এখন ঢাকায় আসার অপেক্ষায়। এসব পশু বিক্রি করে ব্যাপারিরা ওই টাকায় সংসার চালাবেন এবং ঈদ করবেন। এ রকম হাজার হাজার মানুষকে বিপাকে ফেললেন হরতালকারীরা।’বিক্রি এখনো জমেনি: গতকাল শনিবার ঢাকার বিভিন্ন পশুর হাটে ক্রেতার চেয়ে দর্শক ছিল বেশি। হাটে আসা লোকজন বলেন, ব্যাপারিরা অনেক বেশি দাম হাঁকছেন। যে গরুর দাম ২০ হাজার টাকা হওয়া উচিত, তার দাম চাইছেন ৩০-৩৫ হাজার। অবশ্য হাটে আসা ব্যক্তিরা এও বললেন, প্রথম দিকে সব হাটেই এমন দাম হাঁকেন ব্যাপারিরা। আজ থেকে প্রকৃত দাম বোঝা যাবে।গতকাল দুপুরে গোলাপবাগ মাঠের হাটে আসা ব্যাংক কর্মকর্তা মাসুদুর রহমান মাঝারি আকৃতির একটি দেশি ষাঁড়ের দাম করছিলেন। মালিক মোহাম্মদ ইউসুফ দাম চাইলেন ৩৪ হাজার টাকা। মাসুদুর রহমান বললেন, এই গরুটির দাম হওয়া উচিত সর্বোচ্চ ২৫ হাজার টাকা। দামাদামির একই চিত্র দেখা গেছে অন্য কয়েকটি হাটেও।গতকাল বিভিন্ন হাটে সবচেয়ে বড় আকৃতির বিদেশি বলদ ও ষাঁড়ের দাম চাইতে দেখা গেছে এক থেকে নয় লাখ টাকা পর্যন্ত। দেশি মোটা-তাজা বড় ষাঁড় ও বলদের দাম চাইতে দেখা গেছে ৯০ হাজার থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা। মাঝারি ধরনের বড় আকৃতির ষাঁড়ের দাম হাঁকা হচ্ছিল হাট ভেদে ৫০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত। আর ছোট থেকে মাঝারি গরু চাওয়া হয় ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।