ঢাকায় আজ শুরু হচ্ছে তরুণ নেতৃত্ব সম্মেলন
আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ সামিট ২০১২। ‘লিডিং বাংলাদেশ ইনটু দ্য ফিউচার: আ জার্নি অব এক্সপ্লোরেশন’ শীর্ষক এই তরুণ নেতৃত্ব সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট থেকে আাাসা ৪৫০ জন প্রতিনিধি যাঁরা বিভিন্ন কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নতুনকে আবিষ্কার, অভিজ্ঞতা অর্জন আর নেটওয়ার্কিং বিষয়ে তিন দিনে বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন হার্ভার্ড ইউনিভার্সিটি এবং এমআইটিসহ দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বনামধন্য ৫০ জন বক্তা।দলবদ্ধ কাজ ও মূল্যায়নধর্মী কিছু অধিবেশনসহ সম্মেলনে থাকছে নেতৃত্ব, ব্যবসায় উদ্যোগ, বিশ্ব নাগরিকত্ব, শিক্ষা ও ক্যারিয়ার, জলবায়ু পরিবর্তন, নারী ও নেতৃত্ব, রাজনীতি ও গণমাধ্যম-সংশ্লিষ্ট কিছু পূর্ণাঙ্গ পর্ব। বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাকে উপলব্ধি করে বাংলাদেশের উন্নয়নের জন্য নেতৃত্বের অনুশীলন করতে শেখার পাশাপাশি প্রতিনিধিরা এই সম্মেলনের মাধ্যমে পারস্পরিক দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলবে এবং নিজেদের লক্ষ্য অর্জনের উপায়সমূহ খুঁজে নিতে শিখবে।আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস সম্মেলন প্রসঙ্গে বলেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বিওয়াইএলসির এই সময়োপযোগী উদ্যোগে সহায়তা করতে পেরে আনন্দিত। বিওয়াইএলসির চেয়ারপারসন ব্যারিস্টার মানজুর হাসান বলেন, সম্মেলনটি তরুণদের ঐক্যবদ্ধভাবে একটি সর্বব্যাপী সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।বিওয়াইএলসির সভাপতি ইজাজ আহমদ বলেন, নেতৃত্ব এমন একটি মাধ্যম, যার দ্বারা আজকের বাংলাদেশ ও প্রত্যাশিত আগামীর বাংলাদেশের মধ্যে সেতুবন্ধ তৈরি করা সম্ভব; তবে সেই নেতৃত্ব উঠে আসা দরকার তরুণ প্রজন্মের মধ্য থেকে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ডিরেক্টর অব সিটি ইয়ার বোস্টন ম্যাক্স ক্ল এবং বিওয়াইএলসির তরুণ নেতৃত্ব কর্মসূচির পরিচালক ইভদাদ আহমেদ খান মজলিস।ইয়ুথ লিডারশিপ সামিট ২০১২ অনুষ্ঠিত হচ্ছে রহিমআফরোজ ও ডেইলি স্টার-এর যৌথ গোল্ড স্পনসর এবং এফবিসিসিআই, অ্যাডকম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক লিমিটেডের সিলভার স্পনসরে। রবি, দৃক আইসিটি ও রেডিও ফুর্তি রয়েছে টেলিকম, আইসিটি ও রেডিও পার্টনার হিসেবে।