ঢাকায় আরেকটি লঞ্চঘাট হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঢাকার শ্মশানঘাট এলাকায় আরেকটি লঞ্চঘাট নির্মাণ করা হবে। এ জন্য বুড়িগঙ্গা তীরের বাকল্যান্ড বাঁধের ওপর থাকা অবৈধ দোকানপাট আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ‘বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদনদীর নাব্যতা এবং স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা’-সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।হাজারীবাগ এলাকার ট্যানারিশিল্পকে রাজধানীর বাইরে সাভারে নেওয়া হবে জানিয়ে শাজাহান খান বলেন, ট্যানারি শিল্পমালিকেরা এ-সংক্রান্ত গত সভায় আসেননি। তাই আগামী সভায় তাঁদের আসতে বাধ্য করা হবে। মালিকদের শর্ত অনুযায়ী ইতিমধ্যে সাভারে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম, গাজীপুরের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, নৌসচিব আবদুল মান্নান হাওলাদার, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খানসহ টাস্কফোর্সের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।