ঢাকায় ইউক্রেনের নাগরিক আকসানা বললেন, যুদ্ধ ছাড়াই সবকিছুর সমাধান সম্ভব
‘এই একবিংশ শতাব্দীতে যুদ্ধ ছাড়া সবকিছুই সমাধান করা সম্ভব। তাই আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা চাই। তাই যুদ্ধ নয়, শান্তি চাই।’
কথাগুলো বললেন ইউক্রেনের নাগরিক আকসানা লাপিকোভা। তিনি বৈবাহিক সূত্রে গত ২০ বছর ঢাকায় বসবাস করছেন। ইউক্রেনে তাঁর মা, ছোট বোন ও ছোট বোনের সন্তান থাকে। লাপিকোভা প্রথম আলোকে বলেন, ‘আমার মা ও বোনের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলি। তবে তাঁরা অনেক কষ্টের মধ্যে আছেন। আমার মায়ের বয়স ৭২। তিনি বাসা থেকে বের হতে ভয় পান। সুপারমার্কেটে কেনাকাটা করতে যেতে পারেন না। খাওয়ার ব্যবস্থা কম হচ্ছে, অভাব আছে।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গেটসংলগ্ন পুলিশ বক্সের সামনে এক মানববন্ধন করেন ইউক্রেনের নাগরিক ও ইউক্রেনে থাকা বাংলাদেশিদের স্বজনেরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন হয়। এরপর কথা হয় লাপিকোভার সঙ্গে।
‘নো টু ওয়ার, পিস ইন ইউক্রেন’ শীর্ষক ব্যানার নিয়ে এ মানববন্ধনটি হয়।
আকসানা লাপিকোভা বলেন, ‘ইউক্রেনে যা হচ্ছে, কোনো সুস্থ মানুষ এটা মেনে নিতে পারবে না। ইউক্রেনিয়ান নাগরিক, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমার নাগরিকের জন্য নিরাপত্তা চাই।’
মানববন্ধনে ইউক্রেন প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ কমিউনিটি আশা কিয়েভ সিটির প্রেসিডেন্ট ইসলাম গাউছুল বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যেকোনো দেশের যুদ্ধ কাম্য নয়। যুদ্ধ ছাড়াও অন্য উপায়ে সমাধান সম্ভব। আমার মেয়েসহ পরিবারের অনেকেই আতঙ্ক নিয়ে বসবাস করছে ২৪ ঘণ্টা। সাধারণ মানুষ, শিশুসহ অনেকেই মারা যাচ্ছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে।’
গাউছুল প্রথম আলোকে বলেন, ‘আমার পরিবার নিয়ে বড়ই দুশ্চিন্তার মধ্যে আছি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা খুব ভয়ে দিন কাটাচ্ছে।’
৩০ বছর ধরে ইউক্রেনে থাকছেন ইসলাম গাউছুল। তিনি সেখানে ব্যবসা করেন। গত ১৯ ডিসেম্বর তিনি বাংলাদেশের আসেন। ১০ মার্চে তাঁর ইউক্রেনে ফেরার কথা, টিকিটও কাটা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি যেতে পারছেন না। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইউক্রেনের নাগরিকের স্ত্রী ও মেয়ে ইউক্রেনেই আছেন।
মানববন্ধনে কথা হয় ৪৩ বছর বয়সী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানান, গত ২৪ বছর ইউক্রেনে থাকেন। তিনি এখন ইউক্রেনের নাগরিক। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি বাংলাদেশে বেড়াতে আসেন। তাঁর ২ মার্চে ইউক্রেনে ফেরার ফ্লাইট ছিল।
ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে সাইফুল ইসলাম যেতে পারেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার স্ত্রী ও বাচ্চা ইউক্রেনে আছেন। ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। পরিবারের সদস্যরা বাসা থেকে বের হতে পারছে না।’