ঢাকায় এসে মাকে খুঁজে পেল না কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির হোসেন আবির
মনির হোসেন আবির

মায়ের খোঁজে ঢাকায় এসে টঙ্গীর কিশোর সংশোধনাগারে ঠাঁই মিলল এক কিশোরের। মুঠোফোন বন্ধ পাওয়ায় মাকে আর খুঁজে বের করতে পারেনি সে। পুলিশ তার মাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
আদালত সূত্রে জানা যায়, মনির হোসেন আবির নামের ১৪ বছর বয়সী এই কিশোরের মা পাঁচ বছর আগে তাকে ছেড়ে চলে এসেছিলেন ঢাকায়। এরপর কখনো মায়ের সঙ্গে তার দেখা হয়নি। তার বাবা আবার বিয়ে করে নতুন সংসার পাতেন। এক বছর আগে ফোনে মায়ের সঙ্গে কিশোরটির যোগাযোগ হয়। তখন সে তার মাকে জানায়, সৎমা তাকে নির্যাতন করে। সে আর বাবার সঙ্গে থাকবে না। এরপর থেকে মায়ের সঙ্গে তার ফোনে কথা হতো। গত শুক্রবার তার মা তাকে ঢাকার ফার্মগেটে আসতে বলেন। মায়ের কথামতো ছেলেটি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম উত্তরপাড়ার বাসা থেকে রওনা দিয়ে শনিবার বিকেলে ফার্মগেটে এসে নামে। সেখানে সে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু মায়ের ফোন তখন থেকে বন্ধ।
দীর্ঘ অপেক্ষার পর উপায়ান্তর না দেখে ছেলেটি একপর্যায়ে পূর্ব রাজাবাজারের বাসায় বাসায় ঘুরতে থাকে। প্রতিটি বাসায় গিয়ে জানতে চায় তার মা সেখানে কাজ করে কি না। একপর্যায়ে পূর্ব রাজাবাজারের বাসিন্দা শহীদুল হক জীবন ছেলেটিকে শেরেবাংলা নগর থানায় নিয়ে যান। গতকাল শিশু আদালতের বিচারক রুহুল আমিন ছেলেটিকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আবির জানিয়েছে, সে সাবগ্রাম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। তার মা দুলালি বেগম ফার্মগেট এলাকার কোনো এক বাসায় গৃহকর্মীর কাজ করেন।