ঢাকায় গৃহবধূ হত্যা মামলায় খালাস পেলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগ এলাকায় জেসমিন আক্তার নামের এক গৃহবধূ খুনের মামলায় তাঁর স্বামীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন। খালাসপ্রাপ্ত আসামি হলেন শহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, নিহত জেসমিন আক্তার স্বামী ও চার বছরের মেয়ে তাসলিমা আক্তারকে নিয়ে তুরাগ এলাকায় ভাড়া থাকতেন। ২০১১ সালের ২২ আগস্ট সকাল আটটার দিকে জেসমিনের বাবা ওই বাসায় গিয়ে দেখেন, দরজা বাইরে থেকে তালাবদ্ধ। ভেতরে ফ্যান চলছে। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পেছনের জানালা খুলে ঘরের ভেতর ঢোকেন তাঁর স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জেসমিনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় জেসমিনের বাবা আবদুর রশিদ বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১১ সালের ২৬ ডিসেম্বর শহিদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ২০১২ সালের ৫ সেপ্টেম্বর শহিদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ১২ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে দুজনকে রাষ্ট্রপক্ষ বৈরী সাক্ষী ঘোষণা করে।

মামলার নথিপত্রে এর তথ্য অনুযায়ী, এ মামলায় নিহত জেসমিন আক্তারের মেয়ে চার বছর বয়সী তাসলিমা আক্তার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জবানবন্দি দিয়েছিল। সেখানে সে বলেছিল, তার বাবা তার মাকে গলা টিপে মেরে ফেলে। তারপর মাকে খাটের ওপর শুইয়ে ফ্যান চালিয়ে দেয়। ম্যাজিস্ট্রেটের কাছে এ কথা বললেও বিচারিক আদালতের কাছে শিশু তাসলিমা আক্তার বলে অন্য কথা। তাসলিমা আক্তার আদালতে বলেছিল, তার মা অসুস্থ ছিল। তার আব্বু ঘরের ভেতরে ছিল না। বিচারিক আদালতে এমন সাক্ষী দেওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে শিশু তাসলিমাকে বৈরী সাক্ষী ঘোষণা করা হয়। এ ছাড়া ময়নাতদন্তকারী চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক আখতারুজ্জামানকে বৈরী ঘোষণা করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গৃহবধূ জেসমিন আক্তার খুনের মামলায় দুজনকে বৈরী সাক্ষী ঘোষণা করে তাঁদের জেরা করা হয় রাষ্ট্রপক্ষ থেকে।