ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ সংকট বাড়ছে। ঈদুল ফিতরের পর থেকে শুরু হওয়া গ্যাস-সংকট এখন তীব্র হয়েছে। সংকট এলাকাগুলো তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির আওতাধীন। গ্যাসের পাশাপাশি ঢাকায় পানি ও বিদ্যুতের ঘাটতি চলছে। নগরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন গ্যাস, পানি ও বিদ্যুৎ ঘাটতির অভিযোগ পাওয়া যাচ্ছে।ঢাকা মহানগরের তেজতুরিবাজারের এক গৃহিণী প্রথম আলোকে জানান, সকাল সাতটার দিকেই গ্যাস চলে যায়। সন্ধ্যার দিকে কিছুটা আসে। চুলায় স্বাভাবিকমাত্রায় গ্যাস পাওয়া যাচ্ছে কেবল গভীর রাতে।রাজাবাজার থেকে একজন চাকরিজীবী জানান, সকালে নাশতা বানানো যাচ্ছে না গ্যাসের অভাবে। হোটেল থেকে আনা নাশতা খেয়ে অফিসে যেতে হয়। দুপুরেও রান্নার গ্যাস মেলে না। রান্না করতে হয় রাতে।মুগদাপাড়ার ব্যাংক কলোনির এক গৃহবধূ জানান, গ্যাস-সংকট চলছে বছরখানেক ধরে। রমজান মাসের মাঝামাঝি সংকট কিছুটা কমেছিল। ঈদের পর আবার তা শুরু হয়। গভীর রাতে ছাড়া রান্না করা যায় না।মিরপুরের সেনপাড়ার মিনার্ভা সিএনজি স্টেশনটি প্রায় প্রতিদিন বেলা ১১টার দিকে বন্ধ থাকে। বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, মেইন লাইনে গ্যাস নেই। গাবতলী, রোকেয়া সরণি, তেজগাঁওয়ের সাতরাস্তার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের প্রয়োজনীয় চাপ থাকে না বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোর জন্যই সমগ্র ঢাকার বাসা-বাড়ি, হোটেল-রেস্তোঁরায় গ্যাসের চাপ থাকছে না বলে সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানিয়েছে। ঢাকা মহানগরের পোস্তগোলা, শ্যামপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চল, ঢাকার পার্শ্ববর্তী টঙ্গী, গাজীপুর, সাভার, নরসিংদী প্রভৃতি এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলোতেও গ্যাসের চাপের সমস্যা বেড়েছে বলে খবর পাওয়া গেছে। তিতাস গ্যাসের একটি সূত্র জানায়, ঈদের ছুটির পর চাহিদা বেড়েছে। সিএনজি স্টেশনগুলোও পূর্ণমাত্রায় চালু হয়েছে। অথচ গ্যাসের সরবরাহ বাড়েনি। তিতাসের বিতরণ এলাকায় এখন দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ১৬০ কোটি ঘনফুট। সরবরাহ সর্বোচ্চ ১৪৫ কোটি ঘনফুট।গ্যাসের পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় পানির সংকটও তীব্র হয়ে উঠেছে। পুরান ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও মিরপুর ৬ নম্বর সেকশনে রমজান মাসে যে পানি-সংকট সৃষ্টি হয়েছিল, এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে। নগরজুড়ে বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে বলে বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে। এক দিন বৃষ্টি না হলেই গরম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিংও বাড়তে থাকে।