ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড শুরু
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির নানা বিষয় প্রদর্শনের আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড, ২০১২। ‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ স্লোগানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) তিন দিনের এই আয়োজনের আয়োজক।সকালে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময় দেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। ই-টেন্ডার, মুঠোফোনে অর্থ লেনদেন, স্বাস্থ্যসেবা ও কৃষি তথ্য পাওয়া যাচ্ছে ঘরে বসেই। ঝামেলা ছাড়াই বিদ্যুৎ, গ্যাস, পানির বিল দেওয়া যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, আত্ম-উন্নয়ন, কর্মসংস্থান, জীবনমান উন্নয়নে তথ্যপ্রযুক্তির সুষম ব্যবহার বাড়াতে হবে। আমরা আশা করছি, ২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সমর্থ হব।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। তিনি বলেন, সবাইকে একসঙ্গে তথ্যপ্রযুক্তির উন্নয়ন আন্দোলনে আনতে ডিজিটাল ওয়ার্ল্ড মঞ্চের ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। দেশের তথ্যপ্রযুক্তিশিল্পকে বিকশিত করার তাগিদ দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আউটসোর্সিংয়ের কাজ করে দেশের তরুণ মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) নিজেদের এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেশকেও এগিয়ে নিচ্ছেন।’ সারা দেশে আগামী এক বছরের মধ্যে থ্রিজি সেবা পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সচিব নজরুল ইসলাম খান জানান, এখন থেকে প্রতিবছরই ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজন করা হবে। অনুষ্ঠানে গুগলের দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান পারসাউথের ভিডিও বক্তব্য দেখানো হয়। এতে তিনি জানান, গুগল বাংলাদেশে শিগগিরই তাদের কার্যক্রম শুরু করবে। ডিজিটাল ওয়ার্ল্ডে সরকারের ২৮টি মন্ত্রণালয় তাদের বিভিন্ন ই-সেবা প্রদর্শন করছে। এ ছাড়া আছে বেসরকারি খাতের অংশগ্রহণ। এই আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা প্রতিদিন একাধিক সেমিনারে অংশ নিচ্ছেন। আজ সকাল ১০টায় শুরু হবে আউটসোর্সিং কাজে জড়িত ফ্রিল্যান্সারদের নিয়ে বিশেষ সেমিনার ও কর্মশালা। বাংলাদেশ টেলিভিশন এটি সরাসরি সম্প্রচার করবে। আজ আরও আছে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি নিয়ে ক্লাউড ক্যাম্প। ডিজিটাল ওয়ার্ল্ড কাল ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই আয়োজন খোলা থাকবে। এতে প্রবেশ করা যাবে বিনা মূল্যে। ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বেসিস, অ্যামটব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এবং আইএসপিএবি। অংশীদার হিসেবে আছে সিটিও ফোরাম, ক্লাউড ক্যাম্প, এপিসি, বিআইজেএফ, এটিএন নিউজ ও একাত্তর টিভি।