ঢাকায় দুই দিনব্যাপী সার্ক সেমিনার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ক অঞ্চলে উন্নত যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে সংবাদ পরিবেশনে দক্ষতা ও নতুনমাত্রা সৃষ্টির লক্ষ্যে অনলাইন মিডিয়ার মাধ্যমে তথ্যপ্রবাহ গতিশীলকরণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার গতকাল রোববার শুরু হয়েছে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সার্ক ইনফরমেশন সেন্টার (এসআইসি) এ সেমিনারের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, আজকাল অনলাইন মিডিয়া প্রচুরসংখ্যক পাঠকের জন্য সংবাদ সরবরাহের অন্যতম প্রধান উৎস হিসেবে পরিচিতি লাভ করছে। নতুন প্রজন্মের কাছে এর প্রচুর আসক্তি রয়েছে। অনলাইনের ফোরাম, ফেসবুক, ইমেজ গ্যালারি এবং ভিডিও পোর্টাল রয়েছে। তারা প্রতিমুহূর্তে স্মার্টফোনের মাধ্যমে ব্রাউজ করছে বা দেখছে। তাই অনলাইন মিডিয়া ব্যবহার করে তথ্যপ্রবাহ শক্তিশালী করে সার্কভুক্ত দেশগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে পারস্পরিক ক্ষেত্রে লাভবান হতে পারে। তিনি বলেন, বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় অনলাইন মিডিয়া বৈপ্লবিক পরিবর্তন এনেছে।সেমিনারে অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আকতার উদ্দিন আহমেদ, সার্ক সচিবালয়ের পরিচালক ধান বাহাদুর অয়েল ও এসআইসির পরিচালক লক্ষ্মীবিলাস কৈরালা উপস্থিত ছিলেন। এ ছাড়া যোগাযোগ, তথ্য ও গণমাধ্যমসংশ্লিষ্ট নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।