ঢাকায় দুই দিনের শান্তি সম্মেলন শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, স্থায়িত্ব, সহযোগিতা ও অগ্রগতিকে সংহত করতে ৪ জুন ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি সম্মেলন। সম্মেলনের প্রতিপাদ্য ‘সাম্রাজ্যবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষুধামুক্ত নিরাপদ পৃথিবী চাই’।সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন রূপসী বাংলা হোটেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হবে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শান্তি পরিষদের নেতারা এসব তথ্য জানান। তাঁরা জানান, দেশে তৃতীয়বারের মতো শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ১৯৭৩ ও ১৯৯৩ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, সারা পৃথিবীতে আবার যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তাই বর্তমান বিশ্বে শান্তির প্রয়োজন। এ ধরনের সম্মেলন শান্তি প্রতিষ্ঠার কৌশল ঠিক করতে সহায়ক হবে।আবদুর রাজ্জাক বলেন, স্থায়ী শান্তি ও উন্নয়নের জন্য নতুন বিশ্বব্যবস্থার প্রয়োজনীয়তা, সংঘাতময় অঞ্চলগুলোতে শান্তির উদ্যোগ নেওয়া, মৌলবাদ ও সন্ত্রাসবাদের মূলোৎপাটন, মানবাধিকারের প্রয়োজনে শান্তি: ফিলিস্তিনি ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠা, পরিবেশবান্ধব বিশ্ব প্রতিষ্ঠায় শান্তির প্রয়োজনীয়তা ও শান্তি আন্দোলনকে ঐক্যবদ্ধ, সংহত ও জোরদার করা—এই ছয়টি বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হবে।শান্তি পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রাশেদ খান মেনন বলেন, শক্তিশালী দেশগুলোর আধিপত্য বিস্তারের নেশায় বিশ্বের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। পরিষদের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য হাসানুল হক ইনু বলেন, দেশের ভেতরে ও বাইরে শান্তি প্রয়োজন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, গ্রিস, ব্রাজিল, চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলে এসব দেশের সাবেক অনেক প্রধানমন্ত্রী ও মন্ত্রী থাকবেন। এ ছাড়া বিশ্ব শান্তি পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকও সম্মেলনে যোগ দেবেন।সংবাদ সম্মেলনে শান্তি পরিষদের নেতা এম এ কাশেম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পঙ্কজ দেবনাথ, শিরীন আখতার, মোজাফফর হোসেন, রাগিব হাসান প্রমুখ বক্তব্য দেন।