ঢাকায় নামবে তিন হাজার বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশন মালিক ও প্রধানদের সঙ্গে মেয়র আনিসুল হক
টেলিভিশন মালিক ও প্রধানদের সঙ্গে মেয়র আনিসুল হক

ঢাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য আগামী দুই বছরে পর্যায়ক্রমে তিন হাজার বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পাঁচ হাজার ডাস্টবিন এবং নিরাপত্তার জন্য আরও সিসি ক্যামেরা স্থাপন এবং পরিবেশ ঠিক রাখার জন্য পরিবেশ পুলিশ গঠনের কথাও ভাবছে ডিএনসিসি।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মেয়রের দায়িত্ব নেওয়ার আট মাস উপলক্ষে টেলিভিশন মালিক-প্রধানদের সঙ্গে মতবিনিময়ে ডিএনসিসির মেয়র আনিসুল হক এসব কথা বলেন। তিনি প্রতিদিন প্রতিটি টেলিভিশনে রাজধানীর বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের জন্য টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আধা মিনিট থেকে এক মিনিট সময় বরাদ্দ চান।
আনিসুল হক বলেন, রাজধানীর মানুষের যাতায়াত সমস্যার সমাধানের জন্য ২০১৭ সালের মার্চের মধ্যে তিন হাজার পাবলিক বাস চালু করা হবে। এ অনুযায়ী কাজও চলছে। ইতিমধ্যে বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। বর্তমানে থাকা ১৯০টি বাস কোম্পানিকে পাঁচটি কোম্পানিতে নামিয়ে আনার বিষয়ে ডিএনসিসির সঙ্গে মালিকেরা একমত হয়েছেন। এতে রাস্তায় বাসের চলাচলের ক্ষেত্রে বিশৃঙ্খলা কমে যাবে। পুরোনো বাস তুলে নেওয়া হবে। এ ছাড়া এলাকাভিত্তিক যানজট কমানোর বিষয়েও কাজ করছে করপোরেশন। মেয়র বলেন, পরিচ্ছন্ন ঢাকার অংশ হিসেবে ঢাকা থেকে ২০ হাজার বিলবোর্ড অপসারণ করা হয়েছে। বিলবোর্ড স্থাপনের বিষয়ে তিন মাসের মধ্যে নীতিমালা প্রণয়ন করা হবে।
মেয়র বলেন, রাস্তার ওপর যেন ময়লার কনটেইনার পড়ে না থাকে, সে জন্য ৭২টি সেকেন্ডারি স্টেশন তৈরি করা হচ্ছে। এ ছাড়া পাঁচ হাজার ডাস্টবিন তৈরি করার কাজ চলছে। এ ছাড়া ১০০ গণশৌচাগার তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে ১৪টি তৈরি হয়ে গেছে।
কারওয়ান বাজার, আমিনবাজার, মহাখালী, তেজগাঁওসহ ১০টি জায়গা দখলমুক্ত করার কথা জানিয়ে মেয়র বলেন, এই জায়গাগুলো মুক্ত করা সহজ ছিল না। এখানে হাজার কোটি টাকার সিন্ডিকেট আছে। এই এলাকাগুলো যেন আবার দখল না হয়, সে জন্য গণমাধ্যমের সহযোগিতা চান মেয়র।
আনিসুল হক বলেন, যেসব এলাকায় ইতিমধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে, সেখানে ৩০ থেকে ৪০ ভাগ অপরাধ কমে গেছে।
রাজধানীকে সবুজ ঢাকায় রূপান্তর করতে ইতিমধ্যে নানা কাজ শুরু হয়ে গেছে জানিয়ে মেয়র বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০০ স্বেচ্ছাসেবক এ বিষয়ে কাজ করছেন। তিনটি ইকো বাস থাকবে, যে বাসে মানুষের বাড়ি বাড়ি গাছ, সার, মাটি পৌঁছে দেওয়া হবে। স্কুলে স্কুলে গিয়ে এ ধরনের কাজ শুরু হয়ে গেছে। সরকারের কাছে ১০০ পরিবেশ পুলিশ দেওয়ার জন্য আবেদন করা হবে। পরিবেশ পুলিশের সহযোগিতা পেলে ঢাকা শহরের চেহারাই বদলে যাবে।
প্রশ্নোত্তর পর্বে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ রাতে নগরবাসীর নিরাপদে বাড়ি ফেরার জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা করার কথা বলেন। ঢাকা শহরের অনেক বাড়িতে গ্যাস নেই। এ বিষয়ে মেয়রের সাহায্য চান তিনি। জবাবে মেয়র সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে জানান।
মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনয়েম, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইটিভির প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।