ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু
রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তালা থেকে নিচে পড়ে সোহাগ (১৯) নামের রডমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে মধ্যবাড্ডা সেকান্দারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির সহকর্মী সানা উল্লাহ জানান, একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কলামের কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে যায় সোহাগ। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম। তিনি বলেন, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে যান সোহাগ। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত সোহাগ বরগুনা সদর উপজেলার রিকশাচালক আবদুল খলিলের ছেলে। মধ্যবাড্ডা এলাকায় থাকতেন তিনি।