ঢাকায় নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু
জলপথে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে গতকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রা শুরু করেছে নৌ পুলিশ ফাঁড়ি।গতকাল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন চন্দ্রিমা রিয়েল এস্টেট এলাকায় নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। বিশেষ অতিথি পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির এতে সভাপতিত্ব করেন।সভায় পুলিশ কর্মকর্তারা জানান, মোহাম্মদপুর থানার অধীনে ৩০ জন লোকবল নিয়ে ফাঁড়িটি পারিচালিত হবে। এই ফাঁড়ি মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন এলাকা, রামচন্দ্রপুর মৌজা ও চন্দ্রিমা রিয়েল এস্টেট এলাকায় দায়িত্ব পালন করবে।প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর বলেন, মোহাম্মদপুর এলাকা একসময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। পুলিশের তৎপরতার কারণে এলাকা থেকে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে পুলিশকে কাজ করতে হবে। ডিএমপি কমিশনার শহীদুল হক বলেন, অনেক আগেই ডিএমপির পাঁচটি ডিভিশনে নৌ ফাঁড়ির জন্য সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।