ঢাকায় ফেরা মানুষের দুর্ভোগ
বাড়ি যাওয়া মানুষের ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরে আসার চাপ এখনো কম। অফিস-আদালত ও ব্যবসায় প্রতিষ্ঠানে উপস্থিতির হার গতকাল বৃহস্পতিবারও তেমন বেশি ছিল না। তবে ঢাকায় ফেরা মানুষের ভোগান্তি ছিল চরমে। আজ শুক্রবার ফিরে আসার চাপ বাড়ায় হয়রানির মাত্রা আরও বাড়বে বলে সবার আশঙ্কা।গতকাল রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন ঘুরে দেখা গেছে, লোকজনের ফিরে আসার হার খুব একটা বেশি নয়। যাঁরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন, মূলত তাঁরাই ফিরেছেন। আর রাজধানীতে ফিরেই বিভিন্ন ধরনের সমস্যার শিকার হয়েছেন তাঁরা।কমলাপুর রেলস্টেশন: ট্রেন মোটামুটি সময়মতো ও নির্বিঘ্নে ঢাকায় পৌঁছেছে। কিন্তু স্টেশনে নেমেই হকার, কুলির দৌরাত্ম্য এবং স্টেশনের বাইরে অটোরিকশাচালকেরা ইচ্ছামতো ভাড়া হাঁকায় নাকাল হয়েছে যাত্রীরা। অটোরিকশার সংখ্যা কম থাকায় যাত্রীদের করারও বেশি কিছু ছিল না। অভিযোগ করার জন্য আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা পাওয়া যায়নি। ঢাকায় ফিরে আসা বেশ কয়েকজন ট্রেনের যাত্রী প্রথম আলোকে জানান, ঢাকাগামী ট্রেনগুলো ঠিক সময়েই স্টেশন ছেড়েছে এবং পাঁচ-দশ মিনিট কমবেশিতে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। শুধু সিলেট থেকে কালনী এক্সপ্রেস ৪৫ মিনিট ও খুলনা ঈদ স্পেশাল ট্রেন দুই ঘণ্টা দেরি করেছে।গতকাল ট্রেনে করে ঢাকা ছেড়েও গেছেন অনেকে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী ও রাজশাহীমুখী ট্রেনে ভিড় ছিল।সায়েদাবাদ বাস টার্মিনাল: এখানেও বাসায় ফেরার জন্য ভাড়ার গাড়ির অভাব ছিল। যাত্রীদের কেউ কেউ ছিনতাইয়ের শিকার হয়েছে। এ প্রতিবেদক যতক্ষণ টার্মিনালে ছিলেন, পুলিশের টিকিটিও দেখা যায়নি। দুর্গন্ধময় পরিবেশ নিয়ে অভিযোগ করেন কয়েকজন যাত্রী। লোকাল বাসের অভাবও কষ্ট দিয়েছে।সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম মোল্লা প্রথম আলোকে বলেন, রাস্তা কিছুটা ভাঙাচোরা থাকলেও যাত্রীরা শান্তিতেই ঢাকায় ফিরেছে। তিনি বলেন, ঈদের পরদিন থেকে গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, লাকসাম, চাঁদপুর, কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে ৬০-৭০ হাজার যাত্রী সায়েদাবাদ দিয়ে ঢাকায় ফিরেছে। সায়েদাবাদ টার্মিনালে চট্টগ্রাম থেকে ফিরে আসা মো. সায়েদুর রহমান প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেও পছন্দমতো ভাড়ায় অটোরিকশা বা ট্যাক্সিক্যাব পাচ্ছিলেন না। টার্মিনালের কাদায় জুতা নষ্ট হওয়ায় শিশুপুত্রের কান্না তাঁর মেজাজ বিগড়ে দিচ্ছিল আরও।মহাখালী টার্মিনাল: মহাখালী বাস টার্মিনালেও প্রায় একই চিত্র। সিএনজি-ট্যাক্সিক্যাব বা লোকাল বাস নেই। তবে চড়া ভাড়ায় রিকশা পাওয়া যাচ্ছিল।টাঙ্গাইল থেকে ফিরে এসে পাঁচ রিকশায় মালপত্র ও পরিবার নিয়ে মিরপুরের বাসায় যাচ্ছিলেন মো. শামসুল হক। বিরক্তি নিয়ে তিনি বলেন, ‘৪০০ টাকায় বাসায় ফিরছি। এ টাকায় বাসা বদল করা যেত।’এখানে গোলাপপুর পরিবহন কাউন্টারের জহির বলেন, কাল শনিবার পোশাক কারখানাগুলো খুলবে বলে আজ শুক্রবার ফিরে আসা যাত্রীদের ভিড় বাড়বে।শ্যামলী এবং গাবতলী বাস টার্মিনাল: রংপুর-ভুরুঙ্গামারী রুটের যাত্রীরা ফিরে আসছে অনেকেই। কিন্তু কুষ্টিয়া, রাজশাহীসহ অন্যান্য এলাকার যাত্রীদের ফিরে আসার হার বেশ কম। এই এলাকায় গতকাল ট্যাক্সিক্যাব ও রিকশাওয়ালাদের পোয়াবারো ছিল। দ্বিগুণ-আড়াই গুণ ভাড়া হেঁকেছেন তাঁরা। নিরুপায় যাত্রীদের তাতেই রাজি হতে হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল: গতকাল পটুয়াখালী, বরিশাল থেকে ফিরে আসা যাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। তবে যাত্রীরা যে হারে লঞ্চ বোঝাই হয়ে বাড়ি গিয়েছিল, ফিরে আসার হার সে তুলনায় অনেক কম। সুপারভাইজার মো. হানিফ জানান, অন্যবারের তুলনায় এ পর্যন্ত ফিরে আসা যাত্রীর সংখ্যা অনেক কম। তবে আজ শুক্রবার ফিরে আসা যাত্রীর সংখ্যা প্রায় চার গুণ হয়ে যাবে বলে মনে করেন তিনি।লঞ্চঘাটের বাইরে রিকশা ও ভ্যানের সংখ্যা যথেষ্ট থাকায় যাত্রীদের ঘরে ফেরার দুর্ভোগ কম ছিল। কিন্তু কুলিদের যন্ত্রণায় বিরক্ত ছিল অধিকাংশ যাত্রী।