বাসচালককে মারধর ও মালিককে অপদস্থ করার অভিযোগে গতকাল বুধবার ১৮-দলীয় জোটের হরতালের প্রথম দিনে রাজধানী ঢাকায় অনানুষ্ঠানিকভাবে বাস চালানো বন্ধ রাখেন অনেক মালিক। এতে দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে। সকালে অফিসমুখী এবং বিকেলে অফিসফেরত লোকজনের ভোগান্তি ছিল চরমে।সাম্প্রতিক হরতালগুলোতে দেখা গেছে, দূরপাল্লার পথে বাস চলাচল বন্ধ থাকলেও রাজধানী ও এর আশপাশে সীমিত হলেও বাস চলাচল করে। কিন্তু গতকালের হরতালে ব্যতিক্রম চিত্র লক্ষ করা যায়।গতকাল দিনভর বিচ্ছিন্নভাবে যেসব বাস চলেছে, সেগুলোর বেশির ভাগই যাত্রাস্থল থেকেই ভরে যায়। এ জন্য মাঝপথে আর যাত্রী উঠতে পারেনি বললেই চলে।বিকেলে পল্টন মোড়ে বাসের জন্য অপেক্ষায় থাকা শফিকুর রহমান বলেন, ‘হরতালে অফিসে না যাওয়া একধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু রাস্তায় যানবাহন না থাকলে কীভাবে যাব, সেটা কেউ ভাবে না।’ শাহবাগ থেকে মিরপুরে যাওয়ার বাসের জন্য প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে না পেয়ে হাঁটা ধরেন বারডেম হাসপাতালের কর্মী মোবারক হোসেন। ‘সিএনজিচালিত অটোরিকশাও যেতে চায় না। ফার্মগেটে গিয়ে বাস পাওয়ার চেষ্টা করব’—বললেন তিনি।একাধিক বাসমালিক জানালেন, মঙ্গলবার রাতে উত্তরা এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক খোলা জায়গায় বিমানবন্দর-বঙ্গবন্ধু অ্যাভিনিউ পথে চলাচলকারী একটি বাস রাখতে গিয়েছিলেন চালক। এ সময় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ বাধা দেন। একপর্যায়ে চালককে মারধর করেন ওই এসআই। এ সময় বাসের ভেতরে ছিলেন এর মালিক নাসির উদ্দিন। তিনি প্রতিবাদ করলে তাঁকেও ধাক্কা মারেন এবং টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলেন। এতে নাসির উদ্দিন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ খবর ছড়িয়ে পড়লে অনেক মালিকই সকালে বাস নামাননি।নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, চালককে মারধরের পর তিনি প্রতিবাদ করলে তাঁকেও পুলিশ ধাক্কা মারে। একপর্যায়ে থানায় নিয়ে যায়।জানা গেছে, ওই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ মালিক সমিতির নেতাদের নিয়ে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে বাসমালিকদের সভায় বিষয়টির সুষ্ঠু সমাধান হয়েছে।বৈঠক সম্পর্কে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার আশ্বাস দেওয়ায় বিষয়টির মীমাংসা হয়েছে।