ঢাকায় বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সেন্ট্রাল রোডের একটি বাড়িতে বিস্ফোরণে দগ্ধ হওয়া তিনজনের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওই নারীর নাম সাবেকুন্নাহার ওরফে পান্না (২৭)। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল।
গত শনিবার সকালে সেন্ট্রাল রোডের এক বাড়ির ছয়তলার বাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গ্যাসের লাইনে ছিদ্র হয়ে রাতভর ঘরজুড়ে গ্যাস ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। সকালে আগুন জ্বালার সঙ্গে সঙ্গে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে ওই বাসার বাসিন্দা ফজলুর রহমান (৫০), তাঁর ভাগনি সাবেকুন্নাহার ও ভাগনে দেলোয়ার হোসেন (২৫) দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, ফজলুরের শরীরের ২৯ শতাংশ পুড়েছে। দেলোয়ারের পিঠ সামান্য পুড়েছে।
গুলশানে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ফজলুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। দেলোয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।