ঢাকায় বেগম ফজিলাতুন্নেসা ও রাসেলের নামে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে ১১টি সরকারি উচ্চবিদ্যালয় ও ছয়টি মহাবিদ্যালয় হচ্ছে। এর মধ্যে দুটি হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে। হাজারীবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে মহাবিদ্যালয় ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের নামে একটি উচ্চবিদ্যালয় হচ্ছে। শিগগিরই এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজ শুরু হচ্ছে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ চূড়ান্ত করেছে।উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের কর্মকর্তারা বলেন, আগামী মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রীকে দিয়ে এ দুটি প্রতিষ্ঠানের নির্মাণকাজ উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকিগুলোর কাজ শুরু হবে জুলাইয়ে।জানতে চাইলে প্রকল্প পরিচালক মানিক চন্দ্র দে প্রথম আলোকে জানান, হাজারীবাগের প্রতিষ্ঠান দুটির নির্মাণকাজ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রকল্পের কর্মকর্তারা জানান, রাজধানীতে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম। বর্তমানে ঢাকা শহরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে মাধ্যমিক স্তরের পাশাপাশি প্রাথমিক এবং কোনোটিতে দ্বাদশ শ্রেণী পর্যন্তও পড়ানো হয়। তাতেও প্রতিবছর ভর্তিসংকট দেখা দেয়। বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে সরকার এসব বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে।স্থান নির্বাচন: প্রকল্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ১৫টি স্কুল-কলেজের জায়গা ঠিক হয়েছে। এর মধ্যে হাজারীবাগ, মিরপুরের দুয়ারীপাড়া, ভাষানটেক পুনবার্সন প্রকল্প, সুবজবাগ ও দক্ষিণখানে একটি করে বিদ্যালয় ও মহাবিদ্যালয় হবে। শ্যামলীতে একটি মহাবিদ্যালয় এবং দারুস সালাম, জুরাইন, উত্তরখান ও মোহাম্মপুরে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউটে একটি করে বিদ্যালয় হবে। ইতিমধ্যে নয়টি প্রতিষ্ঠানের জন্য জমিও নিবন্ধন করা হয়েছে। তিনি আরও জানান, বাকি দুটি প্রতিষ্ঠানের জন্য ডেমরা, বাড্ডা ও কামরাঙ্গীরচরে জায়গা খোঁজা হচ্ছে।ওই কর্মকর্তা আরও জানান, ২০১৩ সালের মধ্যে এসব স্কুল ও কলেজ স্থাপনের কাজ শেষ করে শিক্ষা কার্যক্রম শুরুর কথা। প্রকল্প চলবে ২০১৪ সাল পর্যন্ত। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা।