ঢাকায় ব্যাপকভাবে ছড়াচ্ছে ডেঙ্গু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। দেশের রোগসংক্রান্ত প্রধান গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী মশাবাহিত এ রোগে আক্রান্তের সংখ্যা এবার গত পাঁচ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারি হিসাবেই গতকাল বুধবার পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঁচজন ডেঙ্গুরোগী মারা গেছে। আক্রান্ত হয়েছে ৮৮২ জন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান গতকাল বলেন, এ বছর বৃষ্টি শুরু হয়েছে অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগে। বর্ষণ শুরুর পর থেকেই নগরবাসীর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।উল্লেখ্য, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা জমে থাকা পানিতে সহজে বংশবৃদ্ধি করে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সালের এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৪৭৩ জন, এ বছর আক্রান্ত হয়েছে ৪৮২ জন। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ বলেন, ‘ডেঙ্গু বা নিপাহ ভাইরাস চিরতরে রোধ করা যাবে না। কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’ তিনি আরও জানান, রাজধানীর অভিজাত এলাকার ৭২ থেকে ৮০ শতাংশ বাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, গত এক মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, ল্যাবএইড হাসপাতালে একজন, হলিফ্যামিলি হাসপাতালে একজন ও পেডিহোপ হাসপাতালে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। নিয়ন্ত্রণ কক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ডেঙ্গুতে আরও বেশিসংখ্যক রোগী আক্রান্ত হচ্ছে, কিন্তু ঠিকমতো রেকর্ড হচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলো নিয়মিত প্রতিবেদন পাঠাচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) পরিচালক শহীদুল হক মল্লিক বলেন, ‘শুরুতেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে পরিস্থিতি যখন খুবই জটিল হয়ে যায় তখন রোগীরা হাসপাতালে আসে।’ডিএমসিএইচের পরিচালক বলেন, এখন অনেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু তাঁর হাসপাতালে এ ধরনের সমস্যা নিয়ে অন্যান্য মৌসুমের মতোই মাত্র ১০-১২ জন রোগী আসছে। ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, এডিস মশা নিয়ন্ত্রণ বা নিধনে মূল দায়িত্ব বাড়ির লোকজনকেই নিতে হবে। বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা দরকার।