ঢাকায় মহামারির রূপ নিয়েছে ডেঙ্গু: বিআইপি

রাজধানী ঢাকায় ডেঙ্গু মহামারির রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারের আয়োজিত এক সংলাপে আজ শনিবার দুপুরে এ মন্তব্য করে সংগঠনটি। ‘ডেঙ্গু, জনস্বাস্থ্য ও আমাদের নগর উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এ সংলাপে মশা মারায় সিটি করপোরেশনের ভূমিকারও সমালোচনা করা হয়।
সংলাপে বিআইপির বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুয়ায়ী এক লাখ মানুষের মধ্যে ১৫ জন কোনো রোগে আক্রান্ত হলে তাকে মহামারি বলা যায়। সেই হিসেবে ঢাকা শহরে ডেঙ্গু এখন মহামারির আকার নিয়েছে।
ঢাকার পাশাপাশি সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে উল্লেখ করে আদিল মুহাম্মদ খান বলেন, কোনো জেলাই এখন আর বাকি নেই। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ডেঙ্গুর ঝুঁকি বেশি। কারণ অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্য সেবাকে সামর্থ্যের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা সেবায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে ডেঙ্গু রোগের চিকিৎসা বা রোগ নির্ণয় নয়, সব ধরনেই চিকিৎসাই সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে আনতে হবে।’
বিআইপির সভাপতি অধ্যাপক এ কে এম আবুল কালামের সভাপতিত্বে সংলাপে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক গোলাম রহমান, ইফতেখার আহমেদ, খন্দকার এম আনসার, জহুরুল হক, সালমা এ শফি, আরিফুর ইসলাম, ডব্লিউ বিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা শহরে অনেক আবাসিক এলাকায় থাকা শিল্প কারখানার বর্জ্যের কারণেও ডেঙ্গুর ঝুঁকি বাড়ে উল্লেখ করে বিআইপির পক্ষ থেকে বলা হয়, ঢাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলছে, বহু ভবন নির্মাণ করা হচ্ছে। এসব প্রকল্প ও নির্মাণাধীন ভবন এডিস মশার বংশ বিস্তারের উর্বর জায়গা। তাই এসব প্রকল্প ও নির্মাণাধীন ভবনে যাতে এই মশা জন্মাতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে জরিমানার ব্যবস্থা করতে হবে। ডেঙ্গুর পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষায় পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। আবাসিক ভবনগুলো এমনভাবে নির্মাণ করতে হবে যেন সেখানে পর্যাপ্ত বায়ু ও সূর্যের আলো পাওয়া যায়। পাশাপাশি খাল-নালার পানি যাতে প্রবাহমান থাকে সে ব্যবস্থাও করতে হবে।