ঢাকায় মারা গেলেন বগুড়ায় দগ্ধ গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ শাপলা আক্তার (২২) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। আড়াই মাস লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। পুলিশ ও শাপলা আক্তারের পারিবারিক সূত্র জানায়, গত ১৫ মার্চ বগুড়ার সদর উপজেলার মধ্য পালসার বাসিন্দা ফিরোজ মিয়ার স্ত্রী শাপলা আক্তারের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শাপলার স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে শাপলার স্বামী ও ভাসুর আগুন ধরিয়ে দেন। দগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৮ মার্চ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়। গতকাল সকালে তিনি মারা যান। গতকাল ঢাকা মেডিকেল কলেজের মর্গে উপস্থিত সাংবাদিকদের কাছে শাপলার মা শেফালি বেগম অভিযোগ করেন, চার বছর আগে রঙ মিস্ত্রি ফিরোজ মিয়ার সঙ্গে শাপলার বিয়ে হয়। কিছু দিন না যেতেই ফিরোজ তাঁদের কাছ থেকে যৌতুক নেয়। আরও যৌতুক দেওয়ার জন্য ফিরোজ শাপলাকে মারধর ও নির্যাতন শুরু করে। বিভিন্ন সময় তাঁরা সাধ্যমতো যৌতুক দেয় ফিরোজকে। কিন্তু সে সন্তুষ্ট হতে পারেনি। গত ১৫ মার্চ ফিরোজ মিয়া শাপলার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে শাপলার স্বামী ফিরোজ, ভাসুর ফেরদৌস, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে বগুড়া থানায় মামলা করা হয়। বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, শাপলার স্বামী ফিরোজ পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।