ঢাকায় মিশুক চলার সুযোগের দাবি
ঢাকা মহানগরে মিশুক চলাচলের সুযোগ দেওয়াসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করেছে মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্ধিত সভা শেষে পরিষদ এই মিছিল বের করে।মিশুক মালিক ও চালকেরা জানান, রাজধানীতে প্রায় তিন হাজার মিশুক রয়েছে। গত ৩১ ডিসেম্বর থেকে সরকার রাজধানীতে মিশুক চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে ওই তিন হাজার মিশুকের ওপর নির্ভরশীল কয়েক হাজার চালক ও মালিক পরিবার।বর্ধিত সভায় মিশুক মালিক ও চালকেরা ঢাকায় তিন চাকার যান মিশুক চলাচলের সুযোগ, মিশুককে সড়ক পরিবহন নীতিমালায় এনে গেজেটে অন্তর্ভুক্ত করে ২০ বছর ব্যবহারের সীমা নির্ধারণ, মিশুক উচ্ছেদের আগে চালক-মালিকদের সিএনজি অটোরিকশা দিয়ে ব্যবসা প্রতিস্থাপনের সুযোগ, জব্দ করা মিশুকগুলো ফেরত এবং মিশুক মালিকদের সহজ শর্তে ঋণ ও চালককে লাইসেন্স দেওয়ার দাবি জানান।ঢাকা মহানগর মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সারোয়ার হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা করম আলী, মোখলেসুর রহমান, মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা সাখাওয়াত হোসেন দুলাল, ওবায়দুল হক প্রমুখ।সংগঠনের নেতারা বলেন, সরকারকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলো। এর মধ্যে সরকার দাবি না মানলে ৬ ফেব্রুয়ারি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।