ঢাকায় রাতে ছয় মাস ফ্লাইট ওঠানামা বন্ধ
সংস্কারকাজের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে। এই পরিস্থিতি চলবে আগামী ছয় মাস।
এমন সিদ্ধান্তের কারণে আগেই ওই সময়ের ফ্লাইট সময়সূচি (শিডিউল) পুনর্বিন্যাস করা হয়। এতে গতকাল প্রথম দিনই বিমানবন্দরে যাত্রী ব্যবস্থাপনায় বাড়তি চাপ ছিল। মালামাল নেওয়ার ট্রলিরও সংকট দেখা গেছে।
ট্রলি ছাড়া কীভাবে ব্যাগগুলো ভেতরে নিয়ে যাব। একসঙ্গে এতগুলো ব্যাগ টানাও তো কষ্টনাজমুল হোসেন, যাত্রী
এক মাস আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, সংস্কারকাজের জন্য ১০ ডিসেম্বর (গতকাল) থেকে ২০২২ সালে ১০ জুন পর্যন্ত বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মাণকাজের অংশ হিসেবে হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ের নির্মাণকাজ চলবে। পাশাপাশি একই সময়ে লাইটিং সেক্টরের কাজ চলবে। তবে বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম চলবে। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাবে।
আমাদের বলা হলো, যাত্রী ছাড়া কারও ওপরে ওঠার অনুমতি নাকি নেই। আধা ঘণ্টা ধরে ঘুরলাম, কিন্তু কোথাও কোনো ট্রলি ফাঁকা পেলাম না।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন ২৭টি এয়ারলাইনসের ৮৫ থেকে ৯০টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে ওঠানামা করে। এসব ফ্লাইটে গড়ে ১০ হাজার যাত্রী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
এয়ারলাইনসগুলো বলছে, ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় রাত ও ভোরের সময়সূচি আগে-পরে করে দিনে আনা হয়েছে। এতে যাত্রী ও আনুষঙ্গিক ব্যবস্থাপনায় চাপ পড়বে।
গতকাল বিকেলে বিমানবন্দরে গিয়ে দেখা যায়, টার্মিনালের বাইরে আগমন ও বহির্গমন—সবখানেই যাত্রী ও স্বজনদের ভিড়। সন্ধ্যার দিকে এই ভিড় আরও বাড়ে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার জন্য বিমানবন্দরে প্রায় ২ হাজার ২০০টি ট্রলি আছে। এর মধ্যে ১ হাজার ট্রলি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। যাত্রীরা যাঁরা ট্রলি নিচ্ছেন, কয়েক ঘণ্টা সেগুলো দখল করে রাখছেন। যাত্রীর চাপ বাড়ায় সমস্যাটি বেশি হচ্ছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান প্রথম আলোকে বলেন, বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী, রাত ও ভোরের ফ্লাইটগুলো দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে। এতে প্রতি ঘণ্টায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুটি ফ্লাইট বাড়তি পরিচালনা করা হচ্ছে।
অবশ্য এমন পরিস্থিতিতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগেও এর চেয়ে বেশি চাপ সামাল দিয়েছে।
ট্রলির সংকট
রাত ও ভোরের ফ্লাইট দিনের সময়ে চলে আসায় বিমানবন্দরে যাত্রীদের ট্রলির সংকট দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও বিমানবন্দরে ট্রলি ফাঁকা পাচ্ছেন না যাত্রীরা। এতে ব্যাগ ও লাগেজ নিয়ে যাত্রীরা বিপাকে পড়ছেন।
বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে বেলা সাড়ে তিনটির দিকে তিনটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন নাজমুল হোসেন। তিনি সন্ধ্যা সোয়া ছয়টার ফ্লাইটে আবুধাবি যাবেন। কিন্তু আশপাশে লাগেজ বহনের কোনো ট্রলি খুঁজে পাচ্ছেন না তিনি।
নাজমুল বলেন, ‘ট্রলি ছাড়া কীভাবে ব্যাগগুলো ভেতরে নিয়ে যাব। একসঙ্গে এতগুলো ব্যাগ টানাও তো কষ্ট।’ শেষে অন্য এক যাত্রীর সহায়তায় তিনি বিমানবন্দরে প্রবেশ করেন।
রাত সোয়া নয়টার ফ্লাইটে দোহা যাবেন জাহিদুর রহমান। তিনি জানান, টার্মিনালে প্রবেশের সময় তাঁর স্বজনকে অটোরিকশা থেকে নামিয়ে দেন নিরাপত্তাকর্মীরা। এরপর তিনি এক হাতে একটি ব্যাগ ও মাথায় আরেকটি ব্যাগ নিয়ে হেঁটে টার্মিনালের সামনে আসেন। তিনি বলেন, ‘আমাদের বলা হলো, যাত্রী ছাড়া কারও ওপরে ওঠার অনুমতি নাকি নেই। আধা ঘণ্টা ধরে ঘুরলাম, কিন্তু কোথাও কোনো ট্রলি ফাঁকা পেলাম না।’
বিমানবন্দরের ভেতরে বিকেল সাড়ে পাঁচটার দিকে দেখা যায়, শারজা থেকে আসা একটি ফ্লাইটের ৫০ জনের মতো যাত্রী সারি বেঁধে ট্রলির জন্য অপেক্ষা করছেন। এক নারী যাত্রী বলেন, ‘১৫ মিনিট ধরে ট্রলির জন্য দাঁড়িয়ে আছি। চারটা ব্যাগ নিয়ে কীভাবে টার্মিনাল থেকে বের হব, বুঝতে পারছি না।’
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার জন্য বিমানবন্দরে প্রায় ২ হাজার ২০০টি ট্রলি আছে। এর মধ্যে ১ হাজার ট্রলি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। যাত্রীরা যাঁরা ট্রলি নিচ্ছেন, কয়েক ঘণ্টা সেগুলো দখল করে রাখছেন। যাত্রীর চাপ বাড়ায় সমস্যাটি বেশি হচ্ছে। নতুন করে ট্রলি কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।