ঢাকায় ল্যাপটপ মেলা শুরু
তথ্যপ্রযুক্তির উন্নয়নে ইন্টারনেট ব্যবহারে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো ও সম্ভব হলে পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রযুক্তিবিদেরা। পাশাপাশি সব ধরনের প্রযুক্তিপণ্য সহজলভ্য করার কথাও বলেছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার ২০১২’ নামে ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। মেলার উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে আমরা তথ্যপ্রযুক্তিতে সমান তালে এগিয়ে যেতে না পারলেও দেশে সহজে সর্বশেষ প্রযুক্তিপণ্য পাওয়া যাচ্ছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির প্রধান নির্বাহী জেরি মবস, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ। পরে অতিথিরা মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। তিন দিনের এ মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ওয়াইম্যাক্স ইন্টারনেটসহ নানা পণ্য। মেলায় আজ শুক্রবার ‘আউটসোর্সিং’, ‘প্রযুক্তি উন্নয়ন’ ও ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিপণন’ বিষয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা চলবে কাল শনিবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রবেশমূল্য ২০ টাকা।ল্যাপটপ মেলার প্রধান পৃষ্ঠপোষক কিউবি, সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, এইচপি, স্যামসাং ও ইন্টেল। সহযোগী হিসেবে আছে এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিওএসএন এবং ওরাটর পিআর।