ঢাকায় শব্দদূষণ সহনীয় মাত্রার চেয়ে দুই গুণ বেশি
শব্দদূষণের যে সহনীয় মাত্রা রয়েছে, পুরো ঢাকাতেই তার চেয়ে অন্তত দেড় থেকে দুই গুণ বেশি শব্দদূষণ হচ্ছে। নীরব এলাকা হিসেবে পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস এলাকায় যেখানে দিনের বেলায় শব্দের সহনীয় মানমাত্রা ৫০ ডেসিবেল থাকার কথা, সেখানে সর্বনিম্ন মাত্রা ৮৪ ডেসিবেল।গতকাল বুধবার ‘ঢাকা মহানগরের শব্দদূষণের বর্তমান চিত্র ও করণীয়’ বিষয়ে এক জরিপ প্রতিবেদনে এসব কথা জানায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। রাজধানীর কলাবাগানে সংগঠনটির কার্যালয়ে এ প্রতিবেদন তুলে ধরা হয়। মূল প্রতিবেদনটি পাঠ করেন পবার সম্পাদক মো. আবদুস সোবহান। শব্দদূষণ পরিমাপ করতে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দ মাপার যন্ত্র ব্যবহার করা হয় বলে জানান তিনি। প্রতিবেদনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উচ্চমাত্রার হর্ন ব্যবহার নিষিদ্ধ করা, অযথা হর্ন না বাজানোর জন্য গাড়ির চালকদের উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হয়।১৬ থেকে ২২ এপ্রিল ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে শব্দের মাত্রা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়। শব্দদূষণ বিধিমালা ২০০৬-এর আওতায় নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প—এ পাঁচ এলাকা চিহ্নিত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়েছে।পবার জরিপে দেখা গেছে, দিনের বেলায় রাজধানীর নীরব এলাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে শব্দের মাত্রা ১০৪ ডেসিবেল। ঢাকা শিশু হাসপাতালের কাছে এর মাত্রা ৯৫ ডেসিবেল। আবাসিক এলাকায় রাতে সহনীয় মাত্রা ৪৫ ডেসিবেল হলেও ধানমন্ডি এলাকায় এর মাত্রা ৮৪।জরিপে বলা হয়, শব্দদূষণের মূল উৎসগুলোর মধ্যে আছে যানবাহনের জোরালো হর্ন ও ইঞ্জিনের শব্দ, যানবাহন চলার শব্দ, বিভিন্ন নির্মাণকাজের শব্দ, ভবন ভাঙার শব্দ এসব। অসহনীয় যানজট শব্দদূষণে বড় ভূমিকা রাখে বলে প্রতিবেদনে বলা হয়। বাণিজ্যিক এলাকার মধ্যে দিনের বেলা সহনীয় মাত্রা ৭০ ডেসিবেল, কিন্তু রাজধানীর কাকলি এলাকায় এর মাত্রা সর্বোচ্চ ১০৮। রাজধানীতে সবচেয়ে বেশি শব্দের মাত্রা বিমানবন্দরের মূল সড়কে। দিনে এর মাত্রা ১১৬ ডেসিবেল, যদিও সহনীয় ৭৫। মিশ্র এলাকার মধ্যে রাজউক ভবনে শব্দদূষণের মাত্রা সবচেয়ে বেশি, দিনে এর পরিমাণ ১০২ ডেসিবেল।