ঢাকায় স্থপতিদের সম্মেলন শুরু ১৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্থপতিদের সংগঠন কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের আয়োজনে (সিএএ) ২০তম সাধারণ সভা ও আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ আয়োজন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএএ এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি মোবাশ্বের হোসেন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১টি কমনওয়েলথভুক্ত দেশের শতাধিক বিদেশি স্থপতি ও সহস্রাধিক স্থানীয় স্থপতি এরই মধ্যে সম্মেলনে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন। প্রথম তিন দিন সিএএ-এর কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার। ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ২১ জন দেশি ও বিদেশি স্থপতি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সিএএ-এর আয়োজক কমিটির আহ্বায়ক এ এস এম ইসমাইল, আইএবির সহসভাপতি কাজী গোলাম নাসির, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, প্রচার উপকমিটির আহ্বায়ক শাকুর মজিদ প্রমুখ।