ঢাকায় ২২ বছরে বাড়িভাড়া বেড়েছে ৩২৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর আয়ের ৬০ শতাংশ ব্যয় হচ্ছে বাড়িভাড়ার পেছনে। ১৯৯১ সাল থেকে গত ২২ বছরে বাড়িভাড়া বেড়েছে ৩২৫ শতাংশ। বাড়িভাড়া আইন থাকলেও বাস্তবে এর প্রয়োগ না থাকায় বাড়ির মালিকদের ভাড়াবৃদ্ধির একতরফা সিদ্ধান্তে ভাড়াটিয়াদের জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সেগুনবাগিচা শাখা আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানানো হয়।রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে ‘বাড়িভাড়া আইন কার্যকর ও ভাড়াটিয়ার অধিকার সংরক্ষণ’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়। এতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক জরিপের বরাত দিয়ে বাড়িভাড়াসংক্রান্ত এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠক সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন। বৈঠকে বক্তারা জানান, ঢাকায় এক কোটি ২৬ লাখ মানুষ ভাড়াবাড়িতে থাকে। শতকরা ১৬ জনের নিজের বাড়ি আছে। বাকি ৮৩ শতাংশ ভাড়ায় থাকে। বর্তমান বাজার পরিস্থিতিতে একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অন্যদিকে বাড়িভাড়ার নামে বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতা—দুয়ে মিলে সাধারণ জনগণের জীবন অসহ্য হয়ে উঠেছে।বক্তাদের অভিযোগ, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন শুধু বইয়ের রয়েছে, কিন্তু বাড়ির মালিকেরা তা পরোয়া করেন না। অন্যদিকে জনগণের করের টাকায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও জনগণের ভোটে নির্বাচিত মেয়রের ও এ ব্যাপারে জনগণের প্রতি কোনো দায়দায়িত্ব নেই।বক্তাদের দাবি, রাজধানীর বাড়িভাড়া নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে ‘রেটচার্ট’ (ভাড়ার তালিকা) স্থাপন এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৯১ কার্যকর করে প্রতিটি ওয়ার্ডে বাড়িভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি নিয়োগ করতে হবে। বাড়িভাড়া আইনের অসম্পূর্ণতা দূর করে তা জনবান্ধব করা, বাড়ির মালিক ও ভাড়াটিয়া উভয়ের জন্য সিটি করপোরেশনের সুযোগ-সুবিধা নিশ্চিত এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে বাড়িভাড়া জটিলতা অবসানের জন্য সিটি করপোরেশনে পৃথক সালিসি বোর্ড স্থাপনের দাবি জানান তাঁরা। এ ছাড়া নগরের পয়োনিষ্কাশন, রাস্তায় পর্যাপ্ত বাতি, ভাঙাচোরা রাস্তা মেরামতের দাবিও জানানো হয়।বৈঠকে উপস্থাপিত লিখিত প্রতিবেদনে সিকান্দার হায়াত জানান, ১৯৯১ সালের অধ্যাদেশ অনুযায়ী, রাজধানীকে ১০টি রাজস্ব অঞ্চলে ভাগ করে ভিন্ন ভিন্ন ভাড়া নির্ধারণ করেছিল ডিসিসি। প্রধান সড়কের পাশে হলে এক রকম ভাড়া, গলির ৩০০ ফুটের মধ্যে হলে পৃথক ভাড়া, আর গলির ৩০০ ফুটের বাইরে হলে আরেক রকম ভাড়া। আলোচনায় অংশ নেন সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক এম শামসুল আলম, সিটিজেন রাইটস মুভমেন্টের সাধারণ সম্পাদক তুষার রহমান, ক্যাবের চেয়ারম্যান কাজী ফারুক, শ্রমিক নেতা আসলাম খান, প্রকৌশলী ম ইনামুল হক প্রমুখ।