ঢাকায় ‘ফ্ল্যাশ মব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল চারটা বেজে পাঁচ মিনিট। মাথার ওপর কড়া রোদ। ঢাকার কারওয়ান বাজারের ওয়াসা কার্যালয়ের সামনের সড়ক। হঠাৎ শুরু হয়ে যায় বাদ্যের তালে তালে একদল তরুণ-তরুণীর নৃত্য। মুহূর্তেই আশপাশ থেকে কয়েক শ দর্শকের উপস্থিতি। ঠিক ছয় মিনিটের মাথায় থেমে যায় বাদ্য আর নৃত্যের এই ঝলকানি।এটা ছিল একটা প্রতিবাদের কর্মসূচি। আকস্মিক একটি স্থানে জড়ো হয়ে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর বিশ্বব্যাপী এ ধরনকে বলে ‘ফ্ল্যাশ মব’। গতকাল শনিবার ঢাকার রাস্তায় প্রথমবারের মতো তাই করে দেখালেন এই তরুণেরা।আয়োজকেরা জানালেন, সরকারের অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টার প্রতিবাদে তাঁদের এ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত তরুণ-তরুণী। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গান ‘ওপা গ্যাংনম স্টাইল’-এর তালে তালে এই ‘ফ্ল্যাশ মব’ অনুষ্ঠিত হয়। আয়োজকেরা বলেন, সারা দুনিয়াতে অনলাইন গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। চাইলেই সরকার এটি রুখতে পারবে না।অনুষ্ঠানটি যেমন প্রতিবাদের ছিল, তেমনি এই অনুষ্ঠানের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনাও জানানো হয়েছে। আয়োজকেরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও হাতে নেবেন বলে জানিয়েছেন।