ঢাকা-৯ আসনে এলাকাভিত্তিক নমুনা সংগ্রহ শুরু

ঢাকা–৯ নির্বাচনী এলাকার (মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানাধীন এলাকা) বাসিন্দাদের জন্য এলাকাভিত্তিক করোনাভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বাসাবো বালুর মাঠে অবস্থিত সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে চারটি বুথের মাধ্যমে এই নমুনা সংগ্রহ করা শুরু হয়। প্রতিদিন বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শরীরে করোনার উপসর্গ থাকা যে কেউ এখানে পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন।
করোনার নমুনা সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী সংস্থা জে. কে. জি. হেলথকেয়ার বাসাবোতে প্রথম এই কমিউনিটি টেস্টিং শুরু করেছে। এখানে সংগৃহিত নমুনা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ল্যাবরেটরিতে পরীক্ষা করে ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে।
ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর উদ্যোগে এই কমিউনিটি ভিত্তিক করোনাভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হয়। জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতো সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি করোনার উপসর্গ থাকা মানুষদের শরীর থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। সাবের হোসেন চৌধুরী বলেন, 'করোনা নিয়ে এখনও মানুষের মধ্যে ভীতি কাজ করছে। আমরা যে কাউকে শরীরে করোনার উপসর্গ দেখলে বা উপসর্গ না থাকলেও পরীক্ষা করানোর জন্য উৎসাহিত করতে চাই। পরীক্ষা না করালে এই ভাইরাসের বিস্তার কতটুকু তা বোঝা যাবে না। তিনি আরও বলেন, সহজে এ পরীক্ষার জন্য কমিউনিটি টেস্টিং পদ্ধতি শুরু করা হয়েছে। এগুলোকে ওয়াকিং বুথও বলা হচ্ছে। অর্থাৎ এলাকায় করোনার উপসর্গ থাকা যে কেউ যাতে হাঁটা দূরত্বে এই বুথগুলোতে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসতে পারেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, কমিউনিটি টেস্টিংয়ের আওতায় সবুজবাগ সরকারি কলেজে জে. কে. জি. হেলথ কেয়ারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। এই নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হলে মুগদা হাসপাতাল বা অন্য কোনও হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। প্রত্যেকটি বুথে দিনে ৫০-৭০টি নমুনা সংগ্রহ করা যাবে।
আগামী দুয়েকদিনের মধ্যে খিলগাঁও এলাকায় কমিউনিটি টেস্টিং শুরু হবে বলে জানান সাংসদ সাবের হোসেন। এরপর মুগদা এলাকায়ও আরেকটি কমিউনিটি টেস্টিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।