ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনিতে মুখর পূজামণ্ডপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি দেবী দুর্গার মর্ত্যে আগমনের জানান দিচ্ছে। গতকাল‍ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। ছবিটি ঢাকেশ্বরী মন্দির থেকে সন্ধ্যায় তোলায় l প্রথম আলো
ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি দেবী দুর্গার মর্ত্যে আগমনের জানান দিচ্ছে। গতকাল‍ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। ছবিটি ঢাকেশ্বরী মন্দির থেকে সন্ধ্যায় তোলায় l প্রথম আলো

দিনের প্রথম ভাগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পরিবেশ ছিল নিরিবিলি। সকাল নয়টায় বেলপাতা দিয়ে দেবী দুর্গার বিল্বষষ্ঠী পূজা। আমন্ত্রণ ও অধিবাস ছিল সন্ধ্যায়। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর ভক্তের প্রণামে উৎসবমুখর হয়ে ওঠে মন্দিরের পরিবেশ।
সিদ্ধেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে এবারও দুর্গামণ্ডপে স্থাপিত হয়েছে দেবী প্রতিমা। মাঝখানে বেদিতে দেবী দুর্গা অসুর বধ করছেন। তাঁর ডান পাশের অপেক্ষাকৃত ছোট বেদিতে গণেশ ও লক্ষ্মী। বাঁ পাশে আরেক বেদিতে সরস্বতী ও কার্তিক। সায়ংকালে শঙ্খ বাজিয়ে উলুধ্বনির সঙ্গে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠী বিহিত পূজা। দলে দলে ভক্তরা এসে প্রতিমা দর্শন ও প্রণাম নিবেদন করেন।
এবার ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২২৫টি। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ। তিনি প্রথম আলোকে জানান, সারা দেশে এবার পূজার সংখ্যা বেড়েছে। এবার পূজা হচ্ছে ২৯ হাজার ৭৪টি। গতবার হয়েছিল ২৮ হাজার ৩৮৭টি। নিরাপত্তাব্যবস্থা নিয়ে তাঁরা সন্তুষ্ট। তিনি বলেন, ‘আজ (সোমবার) পর্যন্ত সারা দেশে ১৯টি মণ্ডপে প্রতিমায় হামলার খবর পেয়েছি। ঢাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা শঙ্কিত না। তবে অধিকতর সজাগ। কোথাও কোনো বাড়াবাড়ি না করে সংযতভাবে শারদীয় উৎসব উদ্‌যাপন করতে নির্দেশ দিয়েছি।’ তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা যে এখন বেশ ভালো, পূজার সংখ্যা বৃদ্ধিতে তার প্রমাণ পাওয়া যায়। তবে পূজার সংখ্যা বাড়লেও দেশে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার ষষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। আজ পূর্বাহ্নে দেবীর নবপত্রিকা প্রবেশ, চক্ষুদান, কল্পারম্ভ ও মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে ধুমধামের সঙ্গে মূল উৎসব শুরু হবে। দুপুরে প্রসাদ ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। সন্ধ্যায় হবে আরতি প্রতিযোগিতা। কাজল দেবনাথ জানান, এবার পূজা হবে চার দিন। মহানবমী ও বিজয়া দশমী পড়েছে এক দিনে। বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ৭টা ৩৩ মিনিটে হবে মহানবমী এবং ৯টা ৫৭ মিনিটে হবে বিজয়া দশমী বিহিত পূজা। তবে বিসর্জন হবে শুক্রবার সন্ধ্যায়।

গতকাল সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানাতে আসেন। সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। শান্তিপ্রিয়দের দেশ। জঙ্গিদের দেশ নয়। এ দেশে জঙ্গি, সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। আমরা তৈরি আছি। যারা এসব ঘটাচ্ছে, তাদের সবাইকে চিহ্নিত করব। সব রহস্য উন্মোচিত হবে।’ তিনি দেবীভক্তদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বলেন, ‘সারা দেশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিশ্চিতে উৎসব করুন।’

 সিদ্ধেশ্বরী মন্দিরে নতুন বেদিতে পূজা:  ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরে এবার নতুন বেদিতে দেবী দুর্গার পূজা হচ্ছে। কালীমন্দিরের পূর্ব পাশে তৈরি করা হয়েছে নতুন দুর্গাবেদি। সিদ্ধেশ্বরী মন্দির সর্বজনীন পূজা কমিটির সহসভাপতি রানা দাশ গুপ্ত জানান, এত দিন কালীমন্দিরের পাশের মাঠে অস্থায়ী বেদিতে পূজা হতো। দিনে দিনে ভক্তের সংখ্যা বাড়তে থাকায় স্থান সংকুলান হচ্ছিল না। তাই নতুন বেদি তৈরি করে স্থানটি সম্প্রসারিত করা হয়েছে। দেবী এবার দোলায় বিদায় নেবেন। তাই প্রতিমা করা হয়েছে বিশাল আকারের রথের ওপর। সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিমা বরাবরই ভক্তদের নজর কাড়ে। গত বছর এই মন্দিরের প্রতিমা প্রতিযোগিতায় প্রথম হয়েছে। ২০১৩ সালে যুগ্মভাবে প্রথম হয়েছিল। আয়োজকেরা জানান, এবার প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ করা হবে। আরতি প্রতিযোগিতা হবে আজ সপ্তমীর দিন। বিসর্জনের দিন, শুক্রবার সকালে হবে নারীদের সিঁদুর খেলা। ঢাকায় কেবল সিদ্ধেশ্বরী মন্দিরেই সিঁদুর খেলা হয়ে থাকে।