ঢাকেশ্বরী মন্দিরে চুরির প্রতিবাদে মানববন্ধন
ঢাকেশ্বরী মন্দিরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, দুর্বৃত্তদের গ্রেপ্তার ও মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অন্যদিকে পুলিশ জানিয়েছে, একাধিক সংস্থা তদন্তে নেমেছে। তারা ঢাকার বাইরেও গেছে।গতকাল বুধবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনের নেতারা বলেন, অবলিম্বে মন্দিরে চুরির সঙ্গে সম্পৃক্ত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাঁরা বলেন, ঢাকেশ্বরী মন্দিরের সম্পত্তি জবরদখল হতে হতে এখন কোনো রকমে মন্দিরটুকু টিকে আছে। তাঁরা বলেন, এই মন্দির জাতীয় মন্দির। এটি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসা উচিত। পুলিশ সূত্র জানিয়েছে, চুরির ঘটনাটি চকবাজার থানার পুলিশ ছাড়াও পুলিশের তিনটি সংস্থা পৃথকভাবে তদন্ত করছে। গতকাল মন্দিরের প্রহরী আনিসকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের অন্য সংস্থাগুলোও তাঁকে জিজ্ঞাসাবাদ করবে। অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তদন্ত ঢাকায় এবং ঢাকার বাইরেও চলছে। অচিরেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।