ঢাবি ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ দোকান থাকবে না: প্রক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

নিয়মিতই চা ও নানা মুখরোচক খাবারের ভ্রাম্যমাণ দোকান বসলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় কোনো ‘বৈধ ভ্রাম্যমাণ দোকান’ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস এলাকায় ভ্রাম্যমাণ কোনো দোকান না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গত রোববার সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

অভিযানের সময় ভ্রাম্যমাণ দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। দোকানিদের দ্রুত সময়ের মধ্যে তাঁদের দোকানগুলো তুলে নিতে বলা হয়। টিএসসির পাশে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর ফটকের দোকানিদের সব দোকান তুলে দিতে আগামীকাল বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ কোনো স্থাপনা থাকবে না, এটা নতুন কোনো সিদ্ধান্ত নয়। এখন করোনা মহামারি চলছে। এ সময়ে ক্যাম্পাসে বিশাল জমায়েত হচ্ছে শুধু খাদ্যকে কেন্দ্র করে। খাদ্য, অবৈধ সমাগম, অবৈধ ব্যবসা ইত্যাদি কারণে করোনার ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে ক্যাম্পাস থেকে এখন এগুলো সরাতে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রতিদিনই বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান বসে। এসব দোকানে চা-সিগারেট, কলা–বিস্কুট, চটপটি, ফুচকা, চপ, সিঙাড়া, পেঁয়াজুসহ নানা ধরনের মুখরোচক খাবার বিক্রি হয়। এসব দোকানকে কেন্দ্র করে হাজারো মানুষের ভিড় জমে, জমে ওঠে আড্ডা৷ করোনাকালের শুরুর দিকে কিছুদিন বন্ধ থাকলেও পরে এই আড্ডা আবার শুরু হয়।

ক্যাম্পাস খোলা থাকা অবস্থায় টিএসসি এলাকায় ক্লাসের ফাঁকে বা অবসরে চায়ের আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। টিএসসি এলাকায় তিন-চারটি চায়ের দোকান অন্তত ২০ বছর ধরে চলছে৷ বাকি দোকানগুলো পরে বসানো হয়েছে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ শেষে সবকিছু চালুর প্রথম দিন ছিল গত বুধবার। এদিন অনেকটাই চেনা রূপে ফেরে রাজধানী।

বিধিনিষেধের দিনগুলোতে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভিড়ও ছিল কম, ভ্রাম্যমাণ দোকানের বেশির ভাগই ছিল বন্ধ। কিন্তু বিধিনিষেধ শেষ হওয়ার পর করোনাকালজুড়ে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিড় জমান হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব দোকানের ব্যাপারে কঠোর অবস্থান নিল।