ঢাবিতে ‘গেস্টরুম’ ও নির্যাতনবিরোধী আইন চায় ছাত্র অধিকার পরিষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে ‘সন্ত্রাস, দখলদারি ও চাঁদাবাজির অভয়ারণ্যে’ পরিণত করেছে ছাত্রলীগ। এমন অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বিশ্ববিদ্যালয়ে ‘গেস্টরুম’ ও ছাত্র নির্যাতনবিরোধী আইন পাস এবং ডাকসুসহ সব ছাত্র সংসদের নির্বাচনেরও দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
ডাকসু নির্বাচন, গেস্টরুম ও নির্যাতনবিরোধী আইন পাসসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। এ সময় বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলকে নির্যাতনকেন্দ্র বানিয়ে রেখেছে। তারা শিক্ষার্থীদের মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তাদের কর্মসূচিতে নিয়ে আসে। ছাত্রলীগ এখন ছাত্রদের দানবে পরিণত করার একটি সংগঠনে পরিণত হয়েছে।
বিন ইয়ামিন মোল্লা বলেন, হলগুলোতে ভয়ানক পরিবেশ বিরাজ করছে। ছাত্রলীগ হলগুলোকে সন্ত্রাস, দখলদারি ও চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত করেছে। এ অবস্থার পরিবর্তনে শিক্ষার্থীদের দাসত্বের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নির্বাচন হয়। কিন্তু ডাকসু নির্বাচন হয় না। ২০১৯ সালে ডাকসু নির্বাচন হওয়ার পর হলগুলোতে অমানবিক দমন-পীড়নের সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন এসেছিল। সব ছাত্রসংগঠন প্রতিযোগিতামূলক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। কিন্তু সেটি ম্লান হয়ে গেছে। তাই অবিলম্বে ডাকসুসহ সব ছাত্র সংসদের নির্বাচন দিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন। তিনি বলেন, ‘গণরুমের চেয়ে জেলখানা অনেক বেশি সুন্দর। জেলখানায় অন্তত ঘুমানোর নির্দিষ্ট জায়গা থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সেটিও থাকে না। শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙে রাখা হয়েছে গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে।’
ছাত্র অধিকার পরিষদের অন্য তিন দাবি হলো হলগুলোতে ছাত্রসংগঠনের দখলদারি বন্ধ করে প্রশাসনিক প্রক্রিয়ায় আসন বণ্টন; বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের আসনসংখ্যা ও বাসের সংখ্যা বাড়ানো এবং সব ধরনের চাকরিতে আবেদন ফি বাতিল।
ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, কেন্দ্রীয় নেতা তারেকুল ইসলাম, রাসেল সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা আসিফ মাহমুদ, জাহিদ আহসান, আশরেফা তাসনীম ও নুসরাত তাবাসসুম বক্তব্য দেন।