ঢাবিতে ছাত্র ফ্রন্টের নেতা ছিনতাইয়ের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা নাসির উদ্দিন। তিনি বামপন্থী ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। নাসিরের অভিযোগ, তাঁর কাছ থেকে ক্যামেরা, লেন্স, ব্যাটারি, চার্জারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ছিনতাই করা হয়েছে।

রাজধানীর শাহবাগ থানায় গতকাল মামলাটি করেন নাসির উদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগে পেশাগত স্নাতকোত্তর করছেন।

মামলার এজাহারে নাসির উদ্দিন বলেন, তিনি ও ইসতিয়াক মাহমুদ নামের তাঁর এক বন্ধু গত শনিবার রাত নয়টার দিকে রিকশায় করে রাজধানীর পলাশী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার দিকে যাচ্ছিলেন। রিকশাটি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এলাকায় পৌঁছালে রিকশার পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী এসে ইসতিয়াকের হাতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ক্যানন ৫ডি মার্ক-৩ মডেলের একটি ক্যামেরা, তিনটি লেন্স, একটি সাউন্ড রেকর্ডার (জুম), একটি সাউন্ড রেকর্ডার (বুম), দুটি ব্যাটারি, একটি চার্জারসহ কালো রঙের একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এসব জিনিসের মোট মূল্য দুই লাখ টাকা। পেছনে ধাওয়া করেও তাঁরা ছিনতাইকারীদের ধরতে পারেননি।

নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, বিভাগের কাজের অংশ হিসেবে তাঁরা ভিডিও ধারণ করতে বের হয়েছিলেন। পথে ছিনতাইয়ের শিকার হন।

মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন।

ছিনতাইকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁদের বিশ্বাস, তদন্ত শেষ হলে এ বিষয়ে ভালো কোনো খবর দিতে পারবেন।