ঢাবির ফার্মাসি অনুষদের ১০ লাখ টাকা চুরির ঘটনায় দুই কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের দুটি ব্যাংক হিসাবের চেক বই চুরি করে ১০ লাখ ৭৬ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনায় অনুষদের দুই কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এখন রাজধানীর শাহবাগ থানায় আটক আছেন। কাল বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তার দুজন হলেন ফার্মাসি অনুষদের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও অফিস সহায়ক মো. সুজন। আজ মঙ্গলবার বিকেলে দুদক তাঁদের আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার প্রথম আলোকে বলেন, আসামিদের আগামীকাল আদালতে পাঠানো হবে। মামলা যেহেতু দুদকের, এর তদন্তও দুদকই করবে।
ফার্মাসি অনুষদ থেকে পাওয়া নথির তথ্য অনুযায়ী, অগ্রণী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় পরিচালিত ফার্মাসি অনুষদের উন্নয়ন তহবিলের হিসাব থেকে ৭ লাখ ৭৬ হাজার টাকা ও ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হিসাব থেকে ৩ লাখ টাকা সরানো হয়েছে। ২০২০ সালের মার্চ থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে এ অর্থ সরানো হয়। চেকে টাকা তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অনুষদের সদ্য সাবেক ডিন এস এম আবদুর রহমানের সই। এই শিক্ষক প্রথম আলোর কাছে দাবি করেছেন, তাঁর সই নকল করা হয়েছে। এ ঘটনা ব্যবহার করে অনুষদের শিক্ষকদের একাংশ তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে চুরির বিষয়টি নজরে আসার পর গত ১০ জানুয়ারি ফার্মাসি বিভাগের চেয়ারম্যান ফিরোজ আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তৎকালীন ডিন আবদুর রহমান। কমিটির প্রতিবেদনে দুজনকে সন্দেহ করা হয়েছিল। তদন্ত কমিটি এই ঘটনায় নিয়মিত মামলার সুপারিশ করেছিল। গত ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মামলা করার সিদ্ধান্তটি অনুমোদিত হয়। এরপরই আজ দুজনকে গ্রেপ্তার করা হলো।
এ বিষয়ে জানতে ফার্মাসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছারের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। সাবেক ডিন এস এম আবদুর রহমান প্রথম আলোকে বলেন, টাকা চুরির ঘটনায় অনুষদের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছেন। তবে তিনি এর বেশি কিছু বলতে পারছেন না।