ঢাবির সুফিয়া কামাল হলের কক্ষে আগুন, ৫ মিনিটেই নিয়ন্ত্রণে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।
সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ শামীমা বানু প্রথম আলোকে বলেন, রাত সোয়া নয়টার দিকে হলের প্রদীপ্ত ব্লকের ৮০৬ নম্বর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। বেশ কয়েকটি কক্ষে তা ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ শিক্ষার্থীদের সরিয়ে ফেলা হয়। তবে কিছু আসবাব পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘রাত ৯টা ১৪ মিনিটে সুফিয়া কামাল হলে আগুন লাগার সংবাদ পাই। ৯টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। হলের একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’
এদিকে আগুন লাগার খবর পেয়ে সুফিয়া কামাল হলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীও। তিনি প্রথম আলোকে বলেন, ৮০৬ নম্বর কক্ষে একটি ইস্তিরি চালু রেখে ছাত্রীরা বাইরে গিয়েছিলেন৷ সেটি থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে কেউ হতাহত হয়নি।