ঢাবির হলের সেলুন থেকে চাঁদা চেয়েছেন ছাত্রলীগের পদপ্রত্যাশী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সেলুনের মালিকের কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের কোনো পদে না থাকলেও হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী পরিচয় দেওয়া এক ছাত্রের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে ওই ছাত্রের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন আল আমিন খান ওরফে রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খানের অনুসারী হিসেবে পরিচিত তিনি।
এই অভিযোগ প্রসঙ্গে সূর্যসেন হলের সেলুনের মালিক মো. জুনায়েদ বলেন, “গত বৃহস্পতিবার আল আমিন খান আমাকে হলের ১০২ নম্বর কক্ষে ডাকেন। তিনি আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। বলেন, ‘তুই তো ছাত্রলীগের অন্যদের টাকা দিস, আমাকে দিস না’। একপর্যায়ে তিনি একটি পিস্তল বের করেন। পিস্তল দেখে আমি ভয় পেয়ে যাই। আমার কাছে তখন কিছু টাকা ছিল। আমি তাঁকে তিন হাজার টাকা দিই। আল আমিন খান আমাকে বলেন, ‘যে তাঁকে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে এবং এখন থেকে ১৫ দিন পর পর তাঁকে টাকা দিতে হবে।’ এই টাকার কথা কাউকে জানালে আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন তিনি।”
মো. জুনায়েদ বলেন , ‘মঙ্গলবার আল আমিন খান আবারও আমাকে ফোন করে টাকা নিয়ে তাঁর কক্ষে যেতে বলছেন।’ তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল আমিন খান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’
সূর্যসেন হল শাখা ছাত্রলীগ সূত্র বলেছে, অভিযুক্ত আল আমিন খান কখনো ছাত্রলীগের কোনো পদে ছিলেন না। ২০১৮ সালে রেজওয়ানুল হক চৌধুরী ছাত্রলীগের সভাপতি হওয়ার পর তিনি হলের শীর্ষ পদপ্রত্যাশী হিসেবে ছাত্রলীগে সক্রিয় হন। পরে রেজওয়ানুল ছাত্রলীগের পদ হারালে আল আমিন আল নাহিয়ান খানের অনুসারী হন। তবে হলে তাঁর তেমন সাংগঠনিক অবস্থান নেই।
চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে অপরাধ করার সুযোগ নেই। হল প্রশাসনকে অভিযোগ যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’
এ বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ মো. মকবুল হোসেন ভুঁইয়া বলেন, ‘আমি খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’