ঢামেক পরিচালককে অনুরোধ করে সাড়া না পাওয়ার অভিযোগ জগন্নাথ হলের প্রাধ্যক্ষের
ভবন থেকে পড়ে আহত ছাত্রকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা। কিন্তু হাসপাতালের পরিচালকের কাছ থেকে যথাযথ সাড়া না পাওয়ার অভিযোগ করেন তিনি। এ জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে এ ধরনের ‘আচরণ’ পাল্টানোর পরামর্শ দিয়েছেন অধ্যাপক মিহির লাল সাহা। তবে হাসপাতালের পরিচালক তাঁর অভিযোগ অস্বীকার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের পাঁচতলা থেকে পড়ে যান চতুর্থ বর্ষের ছাত্র অনিমেষ। তাঁর জন্য জরুরিভাবে শয্যার ব্যবস্থা করতে ঢাকা মেডিকেলের পরিচালককে অনুরোধ করেছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা।
প্রাধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ‘আহত ছাত্রের জন্য জরুরি বেডের ব্যবস্থা করতে আমি তাঁকে (ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক) ফোন করেছিলাম৷ তিনি আমাদের কাউকে পাঠাতে বলেন। এর মধ্যে আমি আরেকজন রোগীকে দেখতে যাই। কিছুক্ষণ পর ছাত্ররা এসে আমাকে জানায়, তিনি (পরিচালক) বলেছেন, প্রাধ্যক্ষ লেপের নিচে বসে থেকে ফোন করে লোক পাঠায়! পরে কার্যালয়ে গিয়ে আমি তাঁকে বলে এসেছি, ম্যানার (আচরণ) পাল্টাতে হবে৷ আমাদের একজন আহত ছাত্র তো আপনাদেরও সন্তানের মতো।’
তাঁর এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘তাঁর (মিহির লাল সাহা) সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু তিনি আমাকে এ ধরনের কিছু বলেননি৷ ওই ছাত্রের চিকিৎসা তো হয়েছেই, একটি বেডের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। আমার দিক থেকে কোনো অসদাচরণের ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবু এমন কিছু মনে করে থাকলে বা কোনো কারণে সংক্ষুব্ধ হয়ে থাকলে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা সব সময়ই একটা সহযোগিতা ও সমন্বয় রক্ষার চেষ্টা করি।’