ঢামেকে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর একজন ছাড়পত্র পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন
ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় সম্প্রতি সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর একজন ছাড়পত্র পেয়েছেন। কানন চৌধুরী নামের অন্যজন এখনো চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন আজ শুক্রবার প্রথম আলোকে এসব জানিয়েছেন। ছাড়পত্র নেওয়া শিক্ষার্থীর নাম রজব রায়হান।

কাননের বন্ধু প্রতীতি প্রথম আলোকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজের কথা বললেও তাঁরা আরও কয়েক দিন কাননকে হাসপাতালে রাখতে চাইছেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর কানন বাড়িতে যেতে চাইছেন।

গত মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দোকানমালিক ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৪০ জনের বেশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। কেউ কেউ আবার হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

নিউমার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ডি-লিংক নামের কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ ও নিউ সুপারমার্কেটে রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী মুরসালিন। তাঁরা দুজনই কামরাঙ্গীরচরের বাসিন্দা ছিলেন।