ঢামেকে সরকারি ইনজেকশন ‘বিক্রির চেষ্টা’, ফার্মাসিস্ট আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সরকারি ইনজেকশন বিক্রির চেষ্টার অভিযোগে ইসমাইল হোসেন (৩৪) নামের এক ফার্মাসিস্টকে আটক করেছে র‌্যাব। সোমবার হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আটক ইসমাইলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। বাবার নাম আবদুল কুদ্দুস মোল্লা। ইসমাইল ঢামেক হাসপাতালের তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক। তিনি বহির্বিভাগের ঔষধাগারের ইনজেকশন বিভাগের দায়িত্বে আছেন।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ইসমাইলের কাছ থেকে প্রায় ২০০টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ডমাস্টার বাশার বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন।

এ নিয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম বলেন, ‘অন্যায়কারী যে–ই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তাকে সাজা পেতেই হবে।’