ঢুকতে ও বেরোতে তিন ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। রাজধানীর টিটিপাড়া থেকে ছাড়ল স্টারলাইনের বাসটি। মানিকনগর, গোলাপবাগ ছাড়িয়ে সায়েদাবাদ যেতে সময় লাগল প্রায় ৪৫ মিনিট। বাসটি যখন দনিয়া পর্যন্ত গেল, ঘড়িতে তখন দেড়টা। কাঁচপুর সেতু পেরোতেই ঘড়ির কাঁটা দুইটার ঘর ছুঁয়ে যায়। সব মিলিয়ে তিন ঘণ্টা। বাসের যাত্রী আবুল কালাম আজাদ তাঁর এই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেন, আগামীকাল (আজ) থেকে ঈদের ছুটি শুরু হলেও আগে আগেই বাড়ি যেতে চেয়েছিলেন। তাই গতকাল সকালে অফিসে গিয়ে হাজিরা খাতায় সই করেই স্যারকে বলে বেরিয়ে পড়েন। তিনটার মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে পৌঁছে যাবেন বলে ধারণা করেছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, পথেই ইফতার করতে হবে। ঢাকা থেকে বেরোতে যেমন বিপত্তি, প্রবেশ করতেও নেহাত কম ঝক্কি ছিল না। কাঁচপুর সেতুর কাছেই যানজটে আটকে পড়া শ্যামলী পরিবহনের যাত্রী শাহীনূর রহমান বললেন, চট্টগ্রাম থেকে সকাল সাতটায় রওনা দিয়ে কাঁচপুর পৌঁছাতে সময় লেগেছে পাঁচ ঘণ্টা। তাঁর এক বন্ধু ফোনে জানিয়েছেন, আগের দিন কাঁচপুর থেকে সায়েদাবাদ পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। স্টারলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজি মো. আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ঢাকার প্রবেশপথ থেকে বাস টার্মিনালে আসতে এবং টার্মিনাল থেকে বহির্গমন পর্যন্ত পৌঁছাতে কমপক্ষে তিন ঘণ্টা লাগছে। এতে আমাদের লোকসান তো হচ্ছেই, যাত্রীদেরও সেবার পরিবর্তে উপহার দিতে হচ্ছে দুর্ভোগ।’ফলে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার যাতায়াতের দূরত্ব ভৌগোলিক দূরত্বের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু নির্মাণের কারণে রাস্তার দুই পাশে সড়ক ও জনপথসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি ও সমন্বয়ের অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।কাঁচপুর সেতুর ওপর ঠাসা যানবাহন: সময় তখন প্রায় দুইটা। কাঁচপুর সেতুর ওপর আটকে আছে যানবাহন। ঢাকার প্রবেশ এবং বহির্গমন—দুই দিক থেকে আসা যানবাহন এগোতে পারছে না। দেখা গেল, কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে গোলচত্বর এলাকায় যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছে ট্রাফিক পুলিশ। জানতে চাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ জানান, ওপরের নির্দেশে পরীক্ষা (চেক) করতে হচ্ছে। তবে একাধিক বাসের চালক জানান, কাগজ দেখানোর পরও তাদের আলাদা চাহিদার কারণে দেরি হচ্ছে।রাস্তা ঠিক হলো না: জয়কালী মন্দির এলাকা থেকে স্বামীবাগ, সায়েদাবাদ টার্মিনাল হয়ে যাত্রাবাড়ী এবং সেখান থেকে একদিকে দনিয়া, অন্যদিকে কাজলা সেতু পর্যন্ত সড়কপথের অবস্থা অত্যন্ত শোচনীয়। গতকাল এই প্রতিবেদকের সামনেই কাজলা সেতুর কাছে উল্টে গেল একটি টেম্পো। যাত্রীরা পানিভর্তি কাঁচা নর্দমায় পড়ে আহতও হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিভিন্ন সেবা সংস্থা গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু বরাবর খোঁড়াখুঁড়ি করায় বৃষ্টির পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। রাস্তা মেরামতের কাজ করার পরও বৃষ্টির পানির কারণে তা আবার দুর্বল হয়ে যাচ্ছে।বিকল্প পথও হাতছাড়া: ঢাকার প্রবেশপথ কাঁচপুর সেতু এলাকা পেরিয়ে রায়েরবাগ বা শনির আখড়ার দিকে না গিয়ে বিকল্প পথ সারুলিয়া ও ডেমরা থানা হয়ে যাত্রাবাড়ী আসতে কম সময় লাগত। কিন্তু রাস্তা মেরামতের জন্য সিটি করপোরেশন সম্প্রতি কাজলা সেতু থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাস্তার দুই ধারে বড় বড় গর্ত করেছে। সেখানে ইট-বালু-মাটি জড়ো করার পর বৃষ্টির কারণে পুরো রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।