আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক হওয়া ১৬টি তক্ষক ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। তক্ষক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনটি চক্রের ১৬ জন সদস্যকে এক থেকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তিন জায়গায় অভিযান চালিয়ে র্যাব ১৬টি তক্ষকসহ এই ১৬ জনকে গ্রেপ্তার করে। কোটি টাকায় বিক্রি হচ্ছে—এই গুজব ছড়িয়ে ওই চক্রটি দীর্ঘদিন ধরে তক্ষক কেনাবেচায় যুক্ত ছিল। চক্রটি প্রতারণার মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজন কিনে দাম বাড়িয়ে তা আরও বেশি দামে বিক্রি করা যাবে বলে মানুষের কাছে বেশি দামে তক্ষকগুলো বিক্রি করত। এভাবে অনেকের কাছ থেকে চক্রটি অর্থ নিচ্ছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে। বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তক্ষক ধরা, কেনা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে এই ১৬ জনকে এক থেকে দুই বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাচার বা অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নয়, প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ নিতেই চক্রটি গুজব তুলে তক্ষক বেচাকেনা করত বলে তিনি জানান। র্যাব জানায়, টানা ১২ ঘণ্টারও বেশি সময় অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার, দক্ষিণখান ও আশুলিয়া এলাকা থেকে ১৬টি তক্ষকসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। বন বিভাগের কর্মকর্তা ফজলুল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন র্যাব-১-এর ক্যাপ্টেন আহাম্মেদ উল্লাহ আলম মজুমদার।র্যাব জানায়, কয়েকটি চক্র দেশের বিভিন্ন এলাকায় রটিয়েছে, প্রতিটি তক্ষক কোটি টাকায় বিক্রি হয়। এর ফলে বিভিন্ন এলাকায় তক্ষক ধরার ধুম পড়ে যায়। ফলে প্রতিদিন শত শত তক্ষক ধরা পড়ছে। কিন্তু তক্ষক বিক্রি করে কোটি টাকা পেয়েছে, এমন কোনো মানুষকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মাঠ পর্যায়ে যারা তক্ষক ধরছে, তারা ৫০০ থেকে ১০০০ টাকার বেশি পাচ্ছে না। আর কিছু লোক অতি লোভে তক্ষক ধরার জন্য বিনিয়োগ করে সর্বস্বান্ত হচ্ছে।পরিবেশবিদেরা বলছেন, তক্ষক সরীসৃপ জাতীয় প্রাণী। দেখতে অনেকটা টিকটিকির মতো, তবে আকারে কিছুটা বড়। তক্ষক বনে-জঙ্গলে থাকে, বসতভিটার আশপাশে বা পরিত্যক্ত বাড়িতেও থাকে। এরা পোকামাকড় খায়। গতকাল বুধবার র্যাব তক্ষকগুলোকে বন বিভাগের হাতে তুলে দেয়। বন বিভাগ তা ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।