আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছেন। সংবিধান ও আইন অনুযায়ী এটিকে আর সংবিধানে ফিরিয়ে আনার সুযোগ নেই।গতকাল রোববার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আওয়ামী লীগের ইতিহাস ১ম খণ্ড (১৯৪৯-১৯৭১)’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের আজকের মহাসমাবেশের প্রাক্কালে আইনমন্ত্রী এসব কথা বললেন।অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বইটিতে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস তুলে ধরা হয়েছে। বস্তুনিষ্ঠ ইতহাস তুলে ধরতে হলে অন্য পক্ষের মতামতও তুলে ধরতে হবে। আইনমন্ত্রী বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান রাখা হয়েছিল। কিন্তু সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত তা বাতিল করে দিয়েছেন। এটি ফিরিয়ে আনতে বিএনপি যতই আন্দোলন করুক, কোনো লাভ নেই। আইনমন্ত্রী বলেন, সংবিধানে সামরিক শাসনের বিধান নেই। সামরিক ফরমান দিয়ে কোনো ব্যক্তির সংবিধান পরিবর্তনের ক্ষমতা নেই। সংবিধান পরিবর্তনের ক্ষমতা সংসদের। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেই সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করেছেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যত ষড়যন্ত্রই হোক শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবেই।সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহ্মদ, জগন্নাথ কলেজের সাবেক অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারী, ওস্তাদ বাবু রহমান, গ্রন্থ রচয়িতা দিরাজুর রহমান খান এবং প্রকাশক শ ম গোলাম মাহবুব প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।