আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়ার পথ বন্ধ। উচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান হলো সর্বোচ্চ আইন। অন্য কোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে সেই আইন বাতিল হবে। ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। গণতান্ত্রিক ব্যবস্থায় অনির্বাচিত সরকারব্যবস্থা চলতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশেই ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে। এটা আবার কীভাবে অন্তর্ভুক্ত করা হবে?’সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় আসার আগেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা ঠিক হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায় পাওয়া না গেলেও সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিল করা হয়েছে। সুতরাং বাতিল কোনো বিষয় তো রাখা ঠিক হবে না।’শুরুতে শফিক আহমেদ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন। তিনি বলেন, সহায়-সম্বলহীন কিংবা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। বিচারাঙ্গনে ডিজিটাল পদ্ধতি চালু হচ্ছে। এর মাধ্যমে কোন আদালতে কী মামলা কী অবস্থায় আছে, তা জানা যাবে। মামলার জট নিরসনে বিরোধনিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে মামলা নিষ্পত্তি হতে চার-পাঁচ বছর বছরের পরিবর্তে তিন-চার মাস লাগবে।অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান উপস্থিত ছিলেন।সাংবাদিকেরা আইনমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সোমবার চারদলীয় জোটের সমাবেশে আসার পথে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাধা দেওয়া আইনের শাসনের পরিপন্থী কি না—জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে কেউ আইন অমান্য করলে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে।’সমাবেশকে কেন্দ্র করে বাস চলাচলে বাধা দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ ছিল না। ভয় পেয়ে বাস মালিকেরা বাস বন্ধ রাখলে কারও কিছু করার নেই।’লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নেতা ও পৌর মেয়র আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লব একাধিক হত্যা মামলায় ফাঁসির দণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ‘খুনি’ বিপ্লব কীভাবে রাষ্ট্রপতির ক্ষমা পেলেন—এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে এ বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত দিতে পারেন।’মন্ত্রী বলেন, ধর্মীয় বা রাজনৈতিক কারণে নয়, মানবতাবিরোধী কর্মকাণ্ডের অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে। আটক আটজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। আরও কয়েকজনকে বিচারের আওতায় আনা হচ্ছে। চলতি মাসেই আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আসামিদের ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট। কানাডা থেকে একজন ও আমেরিকা থেকে একজন আসামিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি কয়েকজনের অবস্থান এখনো চিহ্নিত করা যায়নি। যত দ্রুত সম্ভব তাদের ধরে এনে বিচারের রায় কার্যকর করা হবে।’