তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প এখনো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বললেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনো এ ব্যবস্থার বিকল্প কিছু নেই বলে মত দিলেন দেশের বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে পরস্পর অবিশ্বাস, সন্দেহ ও অসহিষ্ণুতা এখনো প্রবল। দলগুলোতে এখনো গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠেনি। এ অবস্থায় দুই দলের নেতাদের মানসিকতা পরিবর্তন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দরকার।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশিষ্ট নাগরিকেরা এসব কথা বলেন। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠনপ্রক্রিয়া নিয়ে তাঁরা নানা রকম প্রস্তাব দেন। কেউ দেশের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে একটি প্যানেল গঠন করে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা নিয়োগের পরামর্শ দেন। কেউ আলোচনার পরিবর্তে লটারির কথা বলেন। আবার কেউ দুই দলের ১০ জন প্রতিনিধি নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তাব দেন।সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, গণতন্ত্রের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংগতিপূর্ণ নয়। গণতান্ত্রিক মনস্কহীনতার বহিঃপ্রকাশ হচ্ছে এ ব্যবস্থা। গণতন্ত্র থাকলে এ ব্যবস্থা নিয়ে আলোচনা হতো না। তিনি বলেন, যাঁরা সরকারে থাকেন, রাজনৈতিক সংস্কারে তাঁদের অগ্রণী ভূমিকা নেওয়া দরকার। অন্যদিকে বিরোধী দল সংসদের বাইরে। আগামী নির্বাচনে জনগণের কাছে তাঁরা কী জবাব দেবেন জানি না। কারণ জনগণের জন্য কথা বলার জন্যই তাঁরা নির্বাচিত হয়েছেন। সংসদের বাজেট আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বাজেটে একপক্ষ তোষামোদ, অপর পক্ষ দোষামোদ করে। বিশিষ্ট আইনজীবী রফিক উল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অসাংবিধানিক। কিন্তু এ শরবত খেতেই হবে। রাজনীতিবিদদের মানসিকতা পরিবর্তন না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা দরকার। তবে এখন যে অবস্থায় আছে তা চলতে পারে না। একে সাংবিধানিক কাঠামোয় আনতে হবে। তিনি উভয় জোট থেকে ১০-১৫ জন সাংসদের সমন্বয়ে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব দেন। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটি টিম এ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করতে পারে বলে তিনি মত দেন।বিচারপতি কাজী এবাদুল হক বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে একটি প্যানেল তৈরি করা যেতে পারে। রাষ্ট্রপতি লটারি করে তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন।অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ত্রয়োদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে স্ববিরোধী বলে মন্তব্য করে দেশে গণতান্ত্রিক পরিবেশ না হওয়া পর্যন্ত এ পদ্ধতির পক্ষে মত দেন। এম হাফিজউদ্দিন খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। তিনি সংসদ বর্জন প্রথাকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন। অধ্যাপক অজয় রায় বলেন, রাজনৈতিক শুদ্ধি না আসা পর্যন্ত নির্বাচনকালে একধরনের অন্তর্বর্তী ব্যবস্থাপনা থাকতেই হবে। এ এস এম শাহজাহান বলেন, সবার আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন। বিভেদ সংসদে হলে সৃজনশীল হবে, আর রাজপথে হলে ধ্বংসাত্মক হবে। সৈয়দ আবুল মকসুদ তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়ে বলেন, গণতন্ত্র রক্ষায় কিঞ্চিৎ অগণতান্ত্রিক ব্যবস্থা সংবিধানে ঢুকে গেলে মন্দ কী? মনিরুজ্জামান মিঞা বলেন, সাবেক কয়েকজন প্রধান বিচারপতি, পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্য থেকে ১০ জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। আসিফ নজরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে গণতান্ত্রিক বলে মন্তব্য করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় মানুষ শান্তিতে থাকে। তবে গত তত্ত্বাবধায়ক সরকার ছিল অস্বাভাবিক। এ জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী।বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অমর্যাদাকর, স্ববিরোধী ও অগণতান্ত্রিক। এটা একটা অস্থিতিশীল ব্যবস্থা। তবে রাজনৈতিক বাস্তবতায় এখনো এ ব্যবস্থা প্রয়োজন। তিনি কেবল আগামী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার পক্ষে মত দেন।