তথ্য অধিকার আইন ব্যবহারে বাধা দূর করার তাগিদ
তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তথ্য কমিশনসহ সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন সাংবাদিকেরা। ভালো অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আইনটি একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহূত হতে পারে। কিন্তু এ আইন থাকা সত্ত্বেও তথ্য সংগ্রহে বিভিন্ন সমস্যা হয়। আইনটির যথাযথ ব্যবহারের সুযোগ পাচ্ছেন না সাংবাদিকেরা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অভিজ্ঞতা বিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন।বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের অধীনে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এ সভার আয়োজন করে। সভায় অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে সমস্যায় পড়েছেন এমন ছয় সাংবাদিক তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেও যথাযথভাবে তথ্য পাওয়া যায় না। অনেক কর্মকর্তা আইন সম্পর্কে কিছুই জানেন না। অনেকে এড়িয়ে যান। কখনো কখনো তথ্য কমিশনে গিয়েও সহায়তা পাওয়া যায় না।এদিকে তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, তথ্য কমিশন সব সময় সাংবাদিকদের সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু কমিশনের জনবল এবং উপকরণ-সংক্রান্ত সীমাবদ্ধতা রয়েছে। তা ছাড়া তথ্য সরবরাহে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও বেশি প্রশিক্ষণের প্রয়োজন আছে বলেও কমিশনার মত প্রকাশ করেন।তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, তথ্য অধিকার আইনটি একেবারেই নতুন হওয়ায় অনেক সময় হয়তো এর যথাযথ প্রয়োগ সম্ভব হয় না। এসব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো প্রধান ফরিদ হোসেন বলেন, তথ্য অধিকার আইন ভালো অনুসন্ধানী প্রতিবেদনের একটি কার্যকর হাতিয়ার হতে পারে।সভাটি সঞ্চালন করেন বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। সভার শুরুতে তথ্য অধিকার আইন সাংবাদিকের অভিজ্ঞতা পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়।