তথ্য অধিকার আইনে শিশুদের জানার অধিকার নিশ্চিত করা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনে দেশের সব মানুষের তথ্য জানার অধিকারের কথা বলা হয়েছে। শিশুরা সমাজে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলেও এ আইনে তারা কীভাবে তথ্য পেতে পারে, সে বিষয়ে কোনো উল্লেখ নেই। তাই আইনটি সংশোধনের সময় শিশুদের অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। বিয়াম মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন-২০০৯-এর আলোকে শিশুর তথ্য অধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেন ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘তথ্য অধিকার আইনসহ সব আইন বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা বড় সমস্যা।’ ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘শিশুদের শিক্ষা, সামাজিক নিরাপত্তা, বাজেটে তাদের জন্য কী রাখা হয়েছে এবং আইনি সহায়তা কীভাবে পাওয়া যায়, তা জানা জরুরি।তথ্য কমিশনের সদস্য সাদেকা হালিম বলেন, সমাজব্যবস্থা এমন করা হয়েছে যে এখানে মনে করা হয়, শিশুদের তথ্য জানার কোনো দরকার নেই।সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্কের আবাসিক পরিচালক বিরগিট লুন্ডবাক বলেন, শিশুর তথ্য পাওয়ার অধিকার তার সব অধিকার ও সুযোগ-সুবিধাভোগের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করবে। ডেইলি স্টার-এর নিরাপত্তা ও কৌশলবিষয়ক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম বলেন, যেকোনো দুর্যোগে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তথ্য অধিকার আইনে শিশুদের অধিকার বিষয়ে গবেষণা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা।